পাকিস্তানের আইনসভায় গৃহীত প্রস্তাবের নিন্দা
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ব্যাপারে পাকিস্তানের আইনসভায় গৃহীত প্রস্তাবের নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ আব্দুস শহীদ। সরকারদলীয় সাংসদদের পক্ষ থেকে তিনি এ নিন্দা জানান।
আজ বুধবার বিকেলে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুস শহীদ বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের সংসদ যে প্রস্তাব গ্রহণ করেছে, তার জন্য সংসদের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং গর্হিত ও অগণতান্ত্রিক কাজ।’
আব্দুস শহীদ অভিযোগ করে বলেন, ‘পাকিস্তানের পার্লামেন্টে যে প্রস্তাব গৃহীত হয়েছে, সে বিষয়ে সংসদের পক্ষ থেকে নিন্দা জানানোর জন্য বিরোধীদলীয় চিফ হুইপকে ফোন করেছিলাম, কিন্তু সাড়া পাইনি।’
এ বিষয়ে জানতে প্রথম আলো ডটকম থেকে ফোন করলে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে সংসদের হুইপ আ স ম ফিরোজ বলেন, ’৭১-এ পাকিস্তান গণহত্যা করে অপরাধ করেছিল। কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে প্রস্তাব গ্রহণ করে তারা দ্বিতীয়বার অন্যায় করল। এটি ক্ষমার অযোগ্য।
কাদের মোল্লার ফাঁসির পর উদ্বেগ জানিয়ে গত সোমবার পাকিস্তানের আইনসভায় একটি প্রস্তাব গৃহীত হয়।