পাকিস্তানের আনুগত্য নিয়েই কাদের মোল্লা পৃথিবী ছেড়েছেন

আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, একাত্তর সালে জামায়াত এ দেশ চায়নি। আর এ দেশের প্রতি তাদের আনুগত্য কখনোই ছিল না। মন্ত্রী আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
হাছান মাহমুদ আরও বলেন, ‘পাকিস্তানের আনুগত্য নিয়েই কাদের মোল্লা পৃথিবী ছেড়েছেন। বিএনপি ২০০১ সালের নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছ থেকে যে টাকা নিয়েছে, সেটা আজ যুক্তিপ্রমাণসহ সত্যে প্রমাণিত হয়েছে।’
বিএনপির নেতা নজরুল ইসলাম খানের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে বনমন্ত্রী বলেন, ‘বিএনপি যে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে, তা আজ প্রমাণিত। গুপ্ত জায়গা থেকে অবরোধ ডেকে বিরোধী দলের নেতা-কর্মীরা ঘরে বসে থাকেন। রাস্তায় কোনো আন্দোলনকারী নেই। জামায়াত-শিবিরের ভাড়া করা সন্ত্রাসীরা গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
মন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে জনগণকে জিম্মি করে, জনগণকে প্রতিপক্ষ বানিয়ে, আউটসোর্সিং করে পিকেটিং করতে হয়, তা দেশবাসী বুঝে গেছে। সভায় বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, এম এ করিম, সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান দুর্জয়, হুমায়ুন কবির মিজি প্রমুখ।