পাকিস্তানের কারাগার থেকে ২৯ বাংলাদেশি ফিরছেন
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির এবং করাচি কারাগার থেকে মুক্ত ২৯ জন বাংলাদেশি নাগরিক আজ বুধবার দেশে ফিরছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তানে আটক বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘ প্রায় আট বছর পর গত ২৫ নভেম্বর আবার শুরু হয়েছে। সম্প্রতি পাঁচজন বাংলাদেশি নাগরিককে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিন্ধু প্রদেশের মালির কারাগার থেকে মুক্ত আরও আটজন বাংলাদেশি নাগরিক আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন। এই আট প্রবাসী কর্মী বৈধভাবে ওমানের একটি মাছ ধরার ট্রলারে কর্মরত ছিলেন। ২০১৯ সালের মে মাসে ওমান–সংলগ্ন আরব সাগরে মাছ ধরার সময় তাঁদের ট্রলার স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়লে পাকিস্তানি কোস্টগার্ড তাঁদের আটক করে।
আর্থিক অবস্থা বিবেচনায় তাঁদের বিমানভাড়াসহ আনুষঙ্গিক ভ্রমণ ব্যয়ের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।
করাচিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালির কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই আট বাংলাদেশি জেলের দেশে প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাঁদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করে।