মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। রেডিও পাকিস্তান-এর অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল বুধবার এ প্রস্তাব পাস হয়। প্রস্তাবটি উত্থাপন করেন এমপি শের আকবর খান। তিনি দাবি করেন, জামায়াতের ওই নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি ১৯৭৪ সালে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির পরিপন্থী। প্রস্তাবে বাংলাদেশে বিরোধী রাজনীতিকদের সাজা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক সব ফোরামে তুলে ধরার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
ঢাকার কড়া প্রতিবাদ সত্ত্বেও একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে বারবার নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান।