পাকিস্তানের তিন জঙ্গি ঢাকায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া পাকিস্তানের তিন নাগরিক। ছবি: ডিএমপি নিউজের সৌজন্যে।
গ্রেপ্তার হওয়া পাকিস্তানের তিন নাগরিক। ছবি: ডিএমপি নিউজের সৌজন্যে।

রাজধানীতে গতকাল রোববার রাতে বাংলাদেশে জঙ্গি তত্পরতা চালানোর অভিযোগে পাকিস্তানের তিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শিল্পকলা একাডেমির ফটক থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান অব পাকিস্তানের সদস্য বলে দাবি করেছে ডিবি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফকরুল হাসান (৫০), মেহমুদ (২৬) ও উসমান (২৩)। ফকরুলের কাছ থেকে পাকিস্তানের মেয়াদোত্তীর্ণ একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। তাঁদের কাছ থেকে সমরাস্ত্র প্রশিক্ষণের তথ্যসংবলিত একটি ল্যাপটপ ও বোমা তৈরির নির্দেশিকা উদ্ধার করা হয়েছে।

ডিবির সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার কৃষ্ণপদ রায়ের নির্দেশে গতকাল রাত সাড়ে ১০টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহকারী কমিশনার রহমতউল্লাহর নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান চালায়। শিল্পকলা একাডেমির ফটক থেকে পাকিস্তানের এই তিন নাগরিককে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তেহরিক-ই-তালেবান অব পাকিস্তানের সদস্য। তাঁদের কাছ থেকে বোমা তৈরির নির্দেশিকা ও সমরাস্ত্র প্রশিক্ষণের তথ্যসংবলিত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া তিনজন ১২ ধরনের বোমা তৈরিতে পারদর্শী। এ ছাড়া আফগানিস্তান ও ইরাকে সক্রিয় জঙ্গিদের মতো তাঁরা অত্যাধুনিক অস্ত্র চালনায় দক্ষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এসব কথা স্বীকার করেছেন। তিনজনই টেকনাফ অঞ্চলে যাওয়ার জন্য কাকরাইল এলাকায় অবস্থান করছিলেন। তাঁরা বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছিলেন।

ডিএমপি নিউজ থেকে জানা যায়, জিজ্ঞাসাবাদে এই তিন পাকিস্তানি জানিয়েছেন, তাঁরা সপরিবারে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে পাকিস্তানে যান। তাঁরা পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে সেখানেই বসবাস করছিলেন। পাকিস্তানের ওয়াজিরিস্তান সীমান্ত এলাকায় তেহরিক-ই তালেবান অব পাকিস্তানের কাছে থেকে তাঁরা জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন।