পাকিস্তানের দাবি ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের কাছে পাকিস্তানের ৬৯২ কোটি টাকা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং বাংলাদেশ যে পাকিস্তানের কাছে টাকা পায়, তা ফেরত না দিতেই এমন উল্টো দাবি করছে দেশটি।
সচিবালয়ে আজ বুধবার ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশ পাট রপ্তানি করে যে আয় করত, তা তারা নিয়ে যেত। তা ছাড়া একাত্তরে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। আমরা ক্ষতিপূরণ দাবি করায় তারা তা না দেওয়ার জন্য বরং উল্টো টাকা দাবি করছে।’
বাংলাদেশের কাছে পাকিস্তানের ৯২১ কোটি পাকিস্তানি রুপি (৬৯২ কোটি বাংলাদেশি টাকা) পাওনা রয়েছে এবং পাকিস্তান তা ফেরত চায় বলে পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, একাত্তরের আগে পূর্ব পাকিস্তানের কাছে পশ্চিম পাকিস্তানের যে অর্থ পাওনা ছিল, তা বর্তমানে ৭০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে প্রকৃত পাওনা নিরূপণ করা হয়েছে। অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে চলতি বাজারে সম্পদের মূল্যায়ন করা হয়ে থাকে। এর সূত্র ধরেই বাণিজ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়।