পাকিস্তানের নিন্দা প্রস্তাব ধৃষ্টতা
মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় পাকিস্তানের সংসদে উত্থাপিত নিন্দা প্রস্তাবকে ‘ধৃষ্টতা’ বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি।
আজ বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপকমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ জমির বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এটা তাদের ধৃষ্টতা ছাড়া কিছুই নয়। যুদ্ধাপরাধীদের বিচার আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়।’ তিনি বলেন, পাকিস্তানের এই কার্যকলাপের ফলে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য করছে, এতে তারা আরও উত্সাহিত হবে।
মহান বিজয় দিবসে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন না করতে যাওয়ার ঘটনারও তীব্র নিন্দা জানিয়ে মুহাম্মদ জমির বলেন, ‘এটা কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত কাজ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান, সাবেক কূটনীতিক এস মিজানুর রহমান, নিলুফার জাফরউল্লাহ, নাজমা আক্তার, কাজী গালীব আহমেদ, সৈয়দ শাহেদ রেজা, হুমায়ন কামাল, সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।