পাকিস্তানের নিন্দা প্রস্তাব প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের সংসদে পাস হওয়া নিন্দা প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বরিশাল ও যশোর শহরে বিক্ষোভ হয়েছে। নিন্দা প্রস্তাব প্রত্যাহার না করলে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত সমাবেশে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ানো হয়। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম বলেন, পাকিস্তান নামক ব্যর্থ রাষ্ট্রটি মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার পক্ষে যে প্রস্তাব এনেছে, তা অত্যন্ত নিন্দনীয়। এটা বাঙালি জাতির কাছে গর্হিত অপরাধ বলে বিবেচিত। এই প্রস্তাবের মধ্য দিয়ে প্রমাণিত হলো জামায়াতে ইসলামী এখনো বাংলাদেশের নয়, পাকিস্তানের আজ্ঞাবহ। কিছুতেই বাংলার মাটিতে জামায়াতকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।
গণজাগরণ মঞ্চ যশোর জেলা শাখার উদ্যোগে বিকেল চারটা থেকে শহরের চিত্র মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এক ঘণ্টার কর্মসূচিতে রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানের কুশপুত্তলিকা ও দেশটির জাতীয় পতাকা পোড়ানো হয়।
সমাবেশে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রবিউল আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, বাসদের জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, জেলা গণজাগরণ মঞ্চের সভাপতি কাজী আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।