পাকিস্তানের নিন্দা প্রস্তাবে কড়া প্রতিবাদ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসিতে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে প্রস্তাব পাস ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির কঠোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সরকার এ প্রতিক্রিয়া জানায়। ভবিষ্যতে পাকিস্তানকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশ। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের হাইকমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।
গতকাল সকালে ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল হুদাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নিজামীর ফাঁসির তীব্র প্রতিবাদ জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক প্রতিষ্ঠার তীব্র বাসনার পরও পাকিস্তানের বিরুদ্ধে কুৎসা রটানো বন্ধ করছে না বাংলাদেশ সরকার।
এ প্রসঙ্গে ইসলামাবাদ থেকে নাজমুল হুদা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করে একটি স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে সরকার যে একাত্তরে মানবতাবিরোধীদের বিচার করছে, সেটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এ ছাড়া বলা হয়েছে, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে কোথাও বলা হয়নি, মানবতাবিরোধী অপরাধের জন্য বাংলাদেশের নাগরিকদের বিচার করা যাবে না।
ঢাকায় সুজা আলমকে গতকাল বিকেলে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মিজানুর রহমান। এ সময় প্রায় ১০ মিনিট তাঁদের মধ্যে আলোচনা হয়।
তলব শেষে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে এ ধরনের আচরণ (নিন্দা প্রস্তাব ও বিবৃতি দেওয়া) বন্ধ করার ব্যাপারে পাকিস্তানের কর্তৃপক্ষের কাছে বার্তা পৌঁছে দিতে হাইকমিশনারকে বলা হয়েছে। পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
মিজানুর রহমান বলেন, ‘পাকিস্তানের বক্তব্য আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ছাড়া খুব অল্প সময়ের মধ্যে দুই দফায় পাকিস্তানের হাইকমিশনারকে তলবে যে কেউ বুঝতে পারবেন, প্রতিবাদের ভাষা বেশ জোরালো। আমরা মনে করি, পাকিস্তানের এই পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং এটি আমরা তাঁকে (হাইকমিশনার) স্পষ্ট করেই জানিয়েছি।’
বাংলাদেশের দেওয়া প্রতিবাদপত্রে বলা হয়েছে, বারবার মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশের নাগরিকদের পক্ষ নিয়ে পাকিস্তান আবারও একাত্তরে গণহত্যায় নিজেদের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করছে। এটি করে ন্যায়বিচার নিশ্চিত ও ৪৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি অবসানে বাংলাদেশের প্রয়াসে অব্যাহতভাবে বিরোধিতা করে চলেছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজামীর ‘একমাত্র অপরাধ’ ছিল পাকিস্তানের সংবিধান সুরক্ষা করা। এমন ভাষ্যের কঠোর নিন্দা জানিয়ে বাংলাদেশ বলছে, ওই সময় সংবিধান স্থগিত ছিল। বস্তুত একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সুনির্দিষ্ট অপরাধের দায়ে তাঁর বিচার করা হয়েছে। নিজামীর মতো মুক্তিযুদ্ধের চরম বিরোধীর বাংলাদেশের মন্ত্রীর দায়িত্ব পালন করাটা দেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম ও লজ্জাজনক অধ্যায়। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারের বিরুদ্ধে পাকিস্তানের বিদ্বেষপূর্ণ অবস্থান অব্যাহত রাখার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এটি (পাকিস্তানের প্রচারণা) দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রতিবন্ধকতা।
‘পাকিস্তানকে ভালোবাসার অপরাধে নিজামীর ফাঁসি’: মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তানে বিভিন্ন মহল থেকে শোক ও নিন্দা প্রকাশ করা হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা ও বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক-রাজনৈতিক সংগঠন। রেকর্ডার রিপোর্ট অনলাইন এক খবরে জানিয়েছে, জামায়াতে ইসলামী পাকিস্তান বলেছে, ‘পাকিস্তানকে ভালোবাসার অপরাধে নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে।’ দলটির সাবেক প্রধান মুনাওয়ার হাসানের নেতৃত্বে নুমাইশ চৌরঙ্গিতে গায়েবানা জানাজা পড়া হয়। জানাজা শেষে তিনি বলেন, ‘নিজামীকে ফাঁসি দিয়ে ভারতপন্থী শেখ হাসিনার সরকার ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি ভঙ্গ করেছে।’ দুনিয়া নিউজের খবরে বলা হয়, জামায়াতে ইসলামী পাকিস্তানের প্রধান সিরাজ-উল-হক বলেছেন, ভারতের চাপে শেখ হাসিনার সরকার নিজামীকে ফাঁসি দিয়েছে। এ ছাড়া পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতা তালাল চৌধুরী বাংলাদেশের বর্তমান সরকারকে ‘খুনি’ বলে মন্তব্য করেছেন। কাশ্মীর ওয়াচ এক খবরে জানিয়েছে, গত বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিজামীর জন্য গায়েবানা জানাজা পড়া হয়। তেহরিক-ই-হুরিয়াতের ঊর্ধ্বতন নেতা মেহরাজুদ্দিন কালওয়ালের নেতৃত্বে মূল গায়েবানা জানাজা পড়া হয়। গ্রেটারকাশ্মীর ডট কম জানিয়েছে, নিজামীর ফাঁসি কার্যকরে ‘তীব্র নিন্দা’ জানিয়েছেন হিজবুল মুজাহিদীন নেতা সৈয়দ সালাউদ্দিন। এর আগে বুধবার এ ব্যাপারে দেশটির পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সর্বসম্মতিক্রমে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়।