পাকিস্তানের নির্বাচন থেকে বিরোধীরা উৎসাহিত হতে পারে: ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ দলের নেতারা আশঙ্কা করছেন, সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাকিস্তানের জাতীয় নির্বাচন থেকে বিরোধীরা উৎসাহিত হতে পারে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এ দেশে আরও তৎপরতা চালাতে পারে। এ জন্য সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন জোটের নেতারা।

আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টরস কমান্ডারস ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ১৪ দলের নেতারা এসব মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, হেফাজতকে সন্ধ্যার সময় সমর্থন দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে তিনি অশুভ শক্তিকে ক্ষমতায় আনতে চেয়েছিলেন। কিন্তু সেটা প্রতিহত করা হয়েছে। তিনি আরও বলেন, ‘একদিকে তারা ধর্মের কথা বলে, অন্যদিকে কোরআন শরিফ পোড়ায়। মতিঝিল বাণিজ্যিক এলাকা। সেখানে সমাবেশ করতে দেওয়া হয় কীভাবে?’ ৫ মে কীভাবে হেফাজতকে সমাবেশ করার জন্য সরকার অনুমতি দিল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন সাবেক এই শিল্পমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘৫ মে আমরা বিজয়ী হয়েছি। আগামী দিনেও হব। কিন্তু এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ মতবিনিময় সভার গুরুত্বপূর্ণ বিষয়গুলো ১৬ মে সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আলোচনার মাধ্যমে পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, পাকিস্তানের নতুন সরকার গঠিত হওয়ার পর এ দেশে আইএসআই নতুন করে ষড়যন্ত্র শুরু করতে পারে; বাংলাদেশের বিরোধীরা উত্সাহিত হতে পারে। এখনই তাদের কার্যকারিতা নষ্ট করতে পারলে সরকার উত্খাতের ষড়যন্ত্র নস্যাত্ হবে। এ জন্য সতর্ক হতে হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলা এখনো কেন ঝুলে আছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শাহরিয়ার কবির বলেন, ‘তালেবান চিহ্নিত করার জন্য যেভাবে পাকিস্তানের লাহোরে “মুনির কমিশন” গঠন করা হয়েছে, ঠিক আমাদের দেশে “জঙ্গি দমন কমিশন” গঠন করে যারা জঙ্গি তত্পরতার সঙ্গে সম্পৃক্ত, তাদের চিহ্নিত করা যেতে পারে।’ এ ছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্থায়ী ট্রাইব্যুনাল হিসেবে গঠন এবং আপত্কালীন কমিটি গঠন না করে স্থায়ী কমিটি গঠন করার পরামর্শ দেন তিনি।

সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘হেফাজত-জামায়াত-শিবিরের মধ্যে কোনো প্রভেদ নেই। তাদের সংখ্যা বেশি এবং তারা মারমুখী। তারা এত সহজে আমাদের আগামী দিনে জিততে দেবে না। তবে কখনো ওই শয়তানদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এদের প্রতিরোধ করতে যত রক্ত প্রয়োজন, তত রক্ত দেব।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বিরোধী দল এখন একটা সংলাপ-সংলাপ ভাব দেখাচ্ছে। মতিঝিলে পরাজয়ের পর তারা কিন্তু থেমে নেই। তাই এখন আমাদের মধ্যে সমন্বয়, প্রতিরোধ ও জনমত গঠন করতে হবে।’ তিনি বলেন, পাকিস্তানের নির্বাচনের পর তারা উত্সাহিত হতে পারে। তাদের সেই উত্সাহ শক্ত হাতে মোকাবিলা করতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, কে এম সফিউল্লাহ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ প্রমুখ।