পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের নিন্দা

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার সমালোচনা করে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ও সেক্টর কমান্ডারস ফোরাম।
বিষয়টি নিয়ে গতকাল রোববার গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট বার শাখা ‘যুদ্ধাপরাধীদের বিচার, কাদের মোল্লার রায় কার্যকর এবং পাকিস্তানের নগ্ন হস্তক্ষেপ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ওই নিন্দা ও প্রতিবাদ জানায়। অপরদিকে সেক্টর কমান্ডারস ফোরাম গতকাল শিশু একাডেমীর সামনে মানববন্ধনের আয়োজন করে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে অনুষ্ঠিত গণতান্ত্রিক আইনজীবী সমিতির আলোচনায় বক্তারা বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বানও জানান তাঁরা।
জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় হরতাল ও অবরোধের নামে সহিংসতাও একধরনের মানবতাবিরোধী অপরাধ। এখন সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে জনগণকে ঐক্যবদ্ধ করে এর মোকাবিলা করতে হবে। আজ জঙ্গিবাদের কবলে পড়ে পাকিস্তানের জনগণ নিষ্পেষিত হচ্ছে। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে হবে। যুদ্ধাপরাধের দায়ে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের দাবি তুলতে হবে।
এ কে এম জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় সাংবাদিক শাহীন রেজা নূর, সমিতির কেন্দ্রীয় সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুল বারি, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ অংশ নেন।
সেক্টর কমান্ডারস ফোরামের মানববন্ধনে যুদ্ধাপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির বিষয়ে পাকিস্তানের আচরণকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়। এই আচরণের জন্য পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বলা হয়, না হলে পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে সরকারকে। মানববন্ধনে ছয় দফা দাবি জানিয়ে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। সংগঠনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ঘোষণাপত্র পাঠ করেন ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবিব।
ঘোষণাপত্রে পাকিস্তানের অনুচর জামায়াত-শিবির চক্রকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবিসহ সব যুদ্ধাপরাধী এবং বাংলাদেশে নির্বিচার গণহত্যা ও নারী নির্যাতনে অভিযুক্ত ১৯৫ জন পাকিস্তানির বিচারও দাবি করা হয়।
মেজর জেনারেল (অব.) সফিউল্লাহ বীর উত্তম বলেন, মুক্তিযুদ্ধের চার দশক পরও বাংলাদেশের মাটিতে দেশটি তাদের অনুচরদের লালন-পালন করে চলছে। মানববন্ধনে ফোরামের কেন্দ্রীয় নেতারা এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশ নেন।