পাকিস্তানের প্রতি আনুগত্যের জন্য নিজামীর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার রাত পৌনে ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় মতিউর রহমান নিজামীকে। ছবি: জিয়া ইসলাম
রোববার রাত পৌনে ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় মতিউর রহমান নিজামীকে। ছবি: জিয়া ইসলাম

মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ক্রমেই তিক্ত করে তুলছে পাকিস্তান। আজ বুধবার জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর ‘গভীরভাবে মর্মাহত’ উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে দেশটি। এ ছাড়া গণহত্যায় নিজামীর সম্পৃক্ততাকে ‘কথিত অপরাধ’ উল্লেখ করে দেশটি ধৃষ্টতা দেখিয়েছে। সেই সঙ্গে বিবৃতিতে এটাও বলা হয়েছে, ‘পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত’ রাখাই ছিল তাঁর অপরাধ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এক সুরে দেশটির জাতীয় পরিষদে আলোচনায় নেতারা বলছেন, ১৯৭১ সালে অভিন্ন পাকিস্তানের প্রতি আনুগত্যের জন্য নিজামীসহ জামায়াতে ইসলামীর লোকজনকে শাস্তি দেওয়া হচ্ছে। এ ছাড়া এ ব্যাপারে সর্বসম্মতভাবে নিন্দা জানিয়ে এবং ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় লঙ্ঘনের প্রতিবাদে প্রস্তাব পাসের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদে জামায়াতে ইসলামী পাকিস্তানের সংসদীয় দলের নেতা সাহিবজাদা তারিকুল্লাহ ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সাংসদ শাহ মেহমুদ কুরেশি। পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি এ খবর জানায়।
মতিউর রহমান নিজামীকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত এক সপ্তাহের মধ্যে দুই দফা বিবৃতি দিল। এর আগে ৬ মে বিবৃতি দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সোমবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ইসলামাবাদের দেওয়া ৬ মের বিবৃতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলার দুই দিন পর আবার দেশটি প্রতিক্রিয়া জানাল। পাকিস্তানকে দেওয়া আনুষ্ঠানিক প্রতিবাদপত্রে বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে বলেছে, সরকারের অব্যাহত আহ্বানের পরও বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারের বিরুদ্ধে পাকিস্তান অপপ্রচার করে চলেছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা। বাংলাদেশ আশা করে, পাকিস্তানের বিশেষ গোষ্ঠিগুলো বা কর্তৃপক্ষ দায়িত্বশীল আচরণ করবে এবং অব্যাহতভাবে অবাঞ্ছিত বিবৃতি দেওয়া থেকে বিরত থাকবে।

আজ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭১ সালের ডিসেম্বরের আগের ‘কথিত অপরাধে’ নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। বস্তুত পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত রাখা ছিল তাঁর একমাত্র অপরাধ। ত্রুটিপূর্ণ বিচারে বিরোধী নেতাদের হত্যা করে তাঁদের কণ্ঠরোধ করার প্রক্রিয়া পুরোপুরি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। নিজামীকে যাঁরা সংসদে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেছিলেন, বাংলাদেশের সেসব জনগণের জন্যও তাঁর ফাঁসি কার্যকর করাটা দুর্ভাগ্যজনক।
এতে আরও বলা হয়েছে, বিচারপ্রক্রিয়া শুরুর পর থেকেই কয়েকটি আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বিচারের কার্যক্রম বিশেষ করে এর পক্ষপাতহীনতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী ও সাক্ষীদের ভীতি প্রদর্শনের খবরের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। বাংলাদেশ সরকার বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের জন্য পদক্ষেপ নেওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় আপত্তি জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে বাংলাদেশে ক্ষমাশীলতার পদক্ষেপ হিসেবে বাংলাদেশ বিচারপ্রক্রিয়া এগিয়ে না নিতে রাজি হয়েছিল। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সেই অঙ্গীকার পূরণ করা উচিত।’
পাকিস্তান নিজামীর শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অনুসারীদের প্রতি সমবেদনা জানিয়েছে।


নিজামীর জন্য ফাতিহা পাঠ

পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি খবরে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদে আজ নিজামীর আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ করা হয়েছে। এরপর তাঁর ফাঁসি কার্যকরে নিন্দা ও উদ্বেগ জানিয়ে এক আলোচনা হয়েছে। ওই আলোচনায় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাংসদেরা জামায়াতে ইসলামী পাকিস্তানের নেতাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নিজামীর জন্য শোক প্রকাশ করেছেন। পশতুন জাতীয়তাবাদী দল পাখতুনওয়ালা মিল্লি আওয়ামী পার্টির নেতা মেহমুদ খান আছাকজাই প্রস্তাব করেন, পাকিস্তানের প্রতি আনুগত্যকারীদের হত্যা বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে রাজি করাতে একটি সংসদীয় দলের বাংলাদেশ সফর করা উচিত। এ সময় জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বলেন, এ ব্যাপারে তিনি জ্যেষ্ঠ সাংসদদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি বৈঠকের আয়োজন করবেন।


পাকিস্তানের এ আচরণ স্বাভাবিক: মুনতাসীর মামুন

এ ব্যাপারে জানতে চাইলে ইতিহাসবিদ মুনতাসীর মামুন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পাকিস্তান যে এ ধরনের আচরণ করবে, এটাই স্বাভাবিক। কারণ, রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সভ্যতা ও সাংস্কৃতিক মান যে নীচু, তা তাদের প্রতিক্রিয়া প্রমাণ করে। প্রতিক্রিয়ার প্রতিটি কথা মিথ্যা এবং এভাবেই মিথ্যা দিয়েই পাকিস্তানে গণহত্যা শুরু করেছিল। আমরা যে বারবার বলে এসেছি মতিউর রহমান নিজামীরা পাকিস্তানের পক্ষে রাজনীতি ও গণহত্যা চালিয়েছিল, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তা আবার প্রমাণ করেছে। পাকিস্তান গণতন্ত্রের চর্চা করে না, জঙ্গি ও মৌলবাদকে প্রশয় দেয়। এমন একটি দেশের প্রতিক্রিয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’
মুনতাসীর মামুনের মতে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ব্যবসা-বাণিজ্য খুব একটা নেই। কাজেই কূটনৈতিক সম্পর্ক নিম্মতর পর্যায়ে নামিয়ে আনা উচিত। তিনি বলেন, ‘পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে হলে একই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আলেম গ্রুপের বক্তব্যের প্রতিবাদ জানানো উচিত। আমরা যদি যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারি, তবে তুরস্ককে পারব না কেন!’