পাকিস্তানের প্রতি প্রধানমন্ত্রীর নিন্দা
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব পাসের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ। আদালতের রায়ে ফাঁসি হয়েছে। পাকিস্তান নিন্দা প্রস্তাব দেওয়ার কে? তারা তো অপরাধী। তাদের প্রতি এত দরদ কেন?’
গতকাল বুধবার গণভবনে ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা এ সময় বলেন, যাঁরা বলতেন এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়, পাকিস্তানের ঘটনায় প্রমাণিত হয়েছে যে এটা কোন কাদের মোল্লা। তাদের দোসর এ দেশে আছে। খালেদা, নিজামী, মুজাহিদের মুখোশও উন্মোচন হয়ে গেল। তিনি আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তর সালে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে। জামায়াত ছিল তাদের সহযোগী। পাকিস্তান নিন্দা প্রস্তাবে এটাই জানিয়ে দিয়েছে যে মুক্তিযুদ্ধের বিজয়কে তারা মেনে নিতে পারেনি।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান রাজনীতিক ইমরান খানের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সে নিয়াজির ভাতিজা। সে সংসদে নিন্দা জানিয়েছে।’
এদিকে, একই ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ আব্দুস শহীদ। সরকারপন্থী সাংসদদের পক্ষ থেকে তিনি এ নিন্দা জানান। গতকাল বুধবার বিকেলে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুস শহীদ বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের সংসদ যে প্রস্তাব গ্রহণ করেছে, তার জন্য সংসদের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং গর্হিত ও অগণতান্ত্রিক কাজ।’
আব্দুস শহীদ অভিযোগ করে বলেন, ‘পাকিস্তানের সংসদে যে প্রস্তাব গৃহীত হয়েছে, সে বিষয়ে সংসদের পক্ষ থেকে নিন্দা জানানোর জন্য বিরোধীদলীয় চিফ হুইপকে ফোন করেছিলাম। কিন্তু সাড়া পাইনি।’ এ বিষয়ে জানতে প্রথম আলো থেকে ফোন করলে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে সংসদের হুইপ আ স ম ফিরোজ বলেন, একাত্তরে পাকিস্তান গণহত্যা করে অপরাধ করেছিল। কাদের মোল্লার ফঁসির ব্যাপারে প্রস্তাব গ্রহণ করে তারা দ্বিতীয়বার অন্যায় করল। এটি ক্ষমার অযোগ্য।
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি বলেছে, যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব পাসের মধ্য দিয়ে দেশটি ধৃষ্টতা প্রদর্শন করেছে।
এ ছাড়া ১৬ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য না যাওয়ার সমালোচনাও করেছে আওয়ামী লীগ। গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির এক বৈঠক শেষে উপকমিটির সভাপতি মো. জমির সাংবাদিকদের এসব কথা বলেন।