পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছার নিদর্শনস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে আম পাঠিয়েছেন।
বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার কাছে এই উপহারের আম হস্তান্তর করেন।
উপহার হিসেবে ১ হাজার কিলোগ্রাম বিশেষ জাতের বাংলাদেশি আম ‘আম্রপালি’ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্কের একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
ব্রুনেইয়ের সুলতানকে আম উপহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ব্রুনেইয়ের সুলতানকে ৯০০ কেজি আম পাঠিয়েছেন।
ব্রুনেইয়ে বাংলাদেশ হাইকমিশনে গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিনিধির কাছে বিশেষ ধরনের আম্রপলি আম হস্তান্তর করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ–ব্রুনেইয়ের মধ্যে অভিন্ন সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ভিত্তিতে আন্তরিক সম্পর্ক বিরাজ করছে। এশিয়ার এই দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এ উপহার ইতিবাচক ভূমিকা রাখবে।
ব্রুনেইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ উপহার হচ্ছে আন্তরিকতা ও বন্ধুত্বের নিদর্শন।