পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত আজ ঢাকায় আসছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিশেষ দূত হিসেবে ওই দেশের বাণিজ্যমন্ত্রী মাখদুম আমিন ফাহিম তিন দিনের সফরে আজ (মঙ্গলবার) ঢাকায় আসছেন। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো গতকাল সন্ধ্যায় এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাঁর এই সফরের উদ্দেশ্য সম্পর্কে ঢাকা ও ইসলামাবাদের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রের সঙ্গে আলাপ করে জানা গেছে, পাকিস্তানে সাম্প্রতিক বন্যার পর দেশটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশটি ইইউভুক্ত দেশগুলোতে বিশেষ অগ্রাধিকারের চেয়ে ‘বাড়তি কিছু সুবিধা’ (জিএসপি প্লাস) পেতে চাইছে। ওই সুবিধা পেতে বাংলাদেশের সমর্থন আদায়ের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ দূতের আকস্মিক ঢাকা সফর এটা অন্যতম প্রধান কারণ বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।মাখদুম আমিন ফাহিম আগামীকাল বুধবার ঢাকায় বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তিনি ইইউর বাজারে ‘বিশেষ সুবিধা’ চেয়ে বাংলাদেশের সমর্থন চাইতে পারেন বলে সূত্রগুলো আভাস দিয়েছে। জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, পাকিস্তান যে ধরনের বিশেষ সুবিধা পেতে উদ্যোগ নিয়েছে, তাতে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশের স্বার্থের বিষয়টি জড়িত।