পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সফর শেষ মুহূর্তে স্থগিত
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিশেষ দূত মাখদুম আমিন ফাহিমের ঢাকা সফর শেষ মুহূর্তে স্থগিত হয়েছে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী মাখদুম আমিন ফাহিমের গতকাল মঙ্গলবার বিকেলে তিন দিনের সফরে বাংলাদেশে আসার কথা ছিল। অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ঢাকায় পাকিস্তান হাইকমিশন গতকাল দুপুরে সফর স্থগিতের বিষয়টি তাঁদের জানিয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় আসার উদ্দেশে মাখদুম আমিন ইসলামাবাদ থেকে করাচিতে পৌঁছান। কিন্তু ‘রাজনৈতিক পরিস্থিতির কারণে’ ইসলামাবাদ থেকে তাঁকে জরুরি ভিত্তিতে তলব করা হয়। ফলে শেষ মুহূর্তে ঢাকা সফরের পরিকল্পনা বাদ দেন তিনি। ঢাকায় অবস্থানের সময় মাখদুম আমিন ফাহিমের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে বৈঠকের কথা ছিল। তবে তাঁর এ সফরের উদ্দেশ্য সম্পর্কে ঢাকা বা ইসলামাবাদের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। জানা গেছে, পাকিস্তানে সাম্প্রতিক বন্যার পর দেশটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে তারা ইইউভুক্ত দেশগুলোতে বিশেষ অগ্রাধিকারের চেয়ে ‘বাড়তি কিছু সুবিধা’ (জিএসপি প্লাস) পেতে চাইছে। ওই সুবিধা পেতে বাংলাদেশের সমর্থন আদায়ের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ দূতের ঢাকা সফরের এটা অন্যতম প্রধান কারণ বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।