মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির বিষয়ে পাকিস্তানের সংসদে প্রস্তাব পাসে প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানি হস্তক্ষেপের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে পেশাজীবীদের জোট পেশাজীবী সমন্বয় পরিষদ। কর্মসূচি থেকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
পরিষদের সভাপতি এ এফ এম মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলা মানববন্ধনে পরিষদের প্রেসিডিয়াম সদস্য ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব কামরুল হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান। জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, সারা দেশে মুক্তিযোদ্ধা হত্যা ও জামায়াত-শিবিরের নাশকতার প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার প্রমুখ বক্তব্য দেন।
কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তান সংসদে প্রস্তাব পাস ও কূটনৈতিক শিষ্টাচারবর্জিত মন্তব্য করার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু পরিষদ সংবাদ সম্মেলন করে।
এস এ মালেকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, আখরুজ্জামান, গেলাম রাব্বানী, আ ব ম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ওই প্রস্তাবের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ তাঁতী লীগ। সংগঠনের আহ্বায়ক এনাজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন, সাংসদ আসাদুজ্জামান খান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।