পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকার পর উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় ঢাকায় দেশটির হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
ইসলামাবাদের ওই বিবৃতিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ অভিহিত করে ঢাকা বলেছে, সরকারের অব্যাহত আহ্বানের পরও বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারের বিরুদ্ধে পাকিস্তান অপপ্রচার করে চলেছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা। বাংলাদেশ আশা করে, পাকিস্তানের বিশেষ গোষ্ঠীগুলো/কর্তৃপক্ষ দায়িত্বশীল আচরণ করবে এবং অব্যাহতভাবে অবাঞ্ছিত বিবৃতি দেওয়া থেকে বিরত থাকবে।
গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মো. মিজানুর রহমান তাঁর দপ্তরে সুজা আলমকে তলব করেন। ১৫ মিনিট এ বিষয়ে কথা বলার পর হাইকমিশনারের হাতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেন তিনি।
হাইকমিশনারকে তলবের বিষয়ে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মতিউর রহমান নিজামীর ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ৬ মে যে বিবৃতি দিয়েছে, সেটি যে সম্পূর্ণ অগ্রহণযোগ্য, তা হাইকমিশনারকে বলা হয়েছে। ওই বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। কারণ, তাদের বিবৃতিতে একজন যুদ্ধাপরাধীর ব্যাপারে যেটা বলা হয়েছে, সেটার সঙ্গে আমাদের দ্বিমত রয়েছে। এ বিষয়গুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে আমরা একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হাইকমিশনারকে দিয়েছি।’
৬ মে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায় বিষয়টি আমরা গভীর উদ্বেগ ও তীব্র মনঃকষ্টের মধ্য দিয়ে লক্ষ করছি। ১৯৭১ সালের ঘটনাবলি নিয়ে বাংলাদেশের বিতর্কিত বিচার-প্রক্রিয়া নিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়াও লক্ষ করে যাচ্ছি। ১৯৭৪ সালের এপ্রিলের ত্রিপক্ষীয় চুক্তির চেতনা অনুযায়ী, ১৯৭১-এর ঘটনাবলির ক্ষেত্রে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশে একটি চূড়ান্ত মীমাংসার প্রয়োজনীয়তা আছে।’
পাকিস্তানকে দেওয়া গতকালের প্রতিবাদপত্রে বলা হয়েছে, বারবার বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের পক্ষ নিয়ে পাকিস্তান আবারও স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও দুষ্কর্মে দেশটি সরাসরি জড়িত ছিল। দণ্ডিত অপরাধীদের পক্ষে পাকিস্তানের অব্যাহতভাবে বিভ্রান্তিকর সাফাই গাওয়া অত্যন্ত নিন্দনীয়। এসব অবাঞ্ছিত প্রতিক্রিয়া একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই একটি স্বাধীন, উন্নত, সুষ্ঠু, নিরপেক্ষ, উন্মুক্ত এবং স্বচ্ছ বিচার-প্রক্রিয়ার মাধ্যমে মতিউর রহমান নিজামীকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে। বিচার-প্রক্রিয়ায় ১৯৭১ সালে নিজামী যেসব অপরাধ করেছেন, তা বিবেচনায় নেওয়া হয়েছে এবং এর সঙ্গে তাঁর রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই।
প্রতিবাদপত্রে বলা হয়েছে, একটি সার্বভৌম দেশের স্বাধীন বিচারব্যবস্থা নিয়ে পাকিস্তানের কোনোভাবেই পক্ষপাতমূলক, ত্রুটিপূর্ণ ও অবাঞ্ছিত মন্তব্য করা উচিত নয়।
পাকিস্তান যে অব্যাহতভাবে ১৯৭৪ সালের এপ্রিলের ত্রিপক্ষীয় চুক্তির বিভ্রান্তিকর, সীমিত ও একপেশে ব্যাখ্যা দিচ্ছে, এটি পাকিস্তানের হাইকমিশনারকে গতকাল মনে করিয়ে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব।
প্রতিবাদপত্রে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, তা গুরুত্বের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সুজা আলমকে বলা হয়েছে।
বিষয়টি জাতিসংঘে তোলার দাবি পাকিস্তান জামায়াতের: গতকাল পাকিস্তান টুডে পত্রিকার খবরে বলা হয়, মতিউর রহমান নিজামীর বিচারে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হয়েছে—এমন অভিযোগ এনে এই বিষয়টিকে জাতিসংঘে উত্থাপন করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী। নিজামীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে গত রোববার করাচিতে সমাবেশ করে দলটি। সমাবেশ থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।
পাকিস্তান জামায়াতের আমির সিরাজ উল হক ফোনে সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের ইন্ধনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নৃশংসতা চলছে। অথচ পাকিস্তান সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।