পাকিস্তানের বিচার চেয়ে ট্রাইব্যুনালকে এড়িয়ে আইসিসিতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সম্পূর্ণ এড়িয়ে বাংলাদেশের একটি সংগঠন পাকিস্তানের বিচার চেয়েছে। সংগঠনটি পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের অভিযোগ এনে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদনটি করে। বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইনগতভাবে ত্রুটিপূর্ণ এই আবেদন বাংলাদেশের চলমান বিচারকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘প্রজন্ম ৭১’ নামের এই সংগঠনটির সভাপতি মো. আজিজুর রহমান দাবি করেন, চলতি বছরের ১৫ জানুয়ারি তিনি একাত্তরের যুদ্ধাপরাধের জন্য পাকিস্তানের বিচার চেয়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসির কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন।
তবে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১-এর সভাপতি শাহীন রেজা নূর গতকাল প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে তৎপর একটি বিশেষ গোষ্ঠীর মদদপুষ্ট হয়ে এবং প্রজন্ম ৭১-এর নাম ভাঙিয়ে কয়েকজন ব্যক্তি এ কাজ করেছে। এর সঙ্গে প্রজন্ম ৭১-এর ন্যূনতম সম্পর্কও নেই। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে সুযোগ-সুবিধা নেওয়াসহ অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোম সংবিধির ১১ নম্বর অনুচ্ছেদ ও আইসিসির দাপ্তরিক ওয়েবসাইটে স্পষ্ট বলা আছে, ২০০২ সালের ১ জুলাইয়ের আগে সংঘটিত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার বিচারের এখতিয়ার আইসিসির নেই।
১৯৯৮ সালের ১৭ জুলাই রোমের একটি কূটনৈতিক সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনের জন্য রোম সংবিধি গৃহীত হয় এবং ২০০২ সালের ১ জুলাই থেকে এটি কার্যকর হয়। ২০১৩ সাল পর্যন্ত বিশ্বের ১২২টি রাষ্ট্র এই আদালতের সদস্য।
বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোম সংবিধি অনুসারে কোনো ব্যক্তির পক্ষেও আইসিসিতে মামলা বা তদন্তের আবেদন করা সম্ভব নয়। কোনো সদস্যরাষ্ট্র বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাঠালে অথবা আইসিসির প্রসিকিউটর কার্যালয় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত বা মামলার উদ্যোগ নিতে পারে। বাংলাদেশ যেহেতু আইসিসির সদস্যরাষ্ট্র, বাংলাদেশের পক্ষে সরকারের এমন আবেদন করার এখতিয়ার আছে। কিন্তু একজন ব্যক্তির এ ধরনের আবেদন করা ‘দুরভিসন্ধিমূলক’ হতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কোনো আইনজীবীর সাহায্য ছাড়াই আইসিসির ‘প্রধান বিচারপতি’ বরাবর সংগঠনের সভাপতি এই আবেদন করেছেন। কিন্তু আইসিসিতে প্রধান বিচারপতির কোনো পদ নেই। চারটি অংশে বিভক্ত আইসিসির সার্বিক প্রশাসনের প্রধান অংশের নাম প্রেসিডেন্সি, যার একজন প্রেসিডেন্ট ও দুজন ভাইস প্রেসিডেন্ট। কোনো অভিযোগ তদন্ত বা বিচারের জন্য আবেদন করতে হয় প্রসিকিউটরের কার্যালয় বরাবর।
গতকালের সংবাদ সম্মেলনে আইনগত এসব বিষয় তুলে ধরা হলে আবেদনকারী আজিজুর রহমান বলেন, ‘আমরা জায়গা-অজায়গা বুঝি না, আমরা বিচার চাই। প্রয়োজনে আইসিসি তার আইন সংশোধন করুক। আমরা চাপ প্রয়োগ করার জন্য এই আবেদন দিয়েছি।’ বাংলাদেশের ট্রাইব্যুনালে কেন গেলেন না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের বিচার করছে না, মানবতাবিরোধী অপরাধের বিচার করছে। আর একাত্তরে আমরা ছোট ছিলাম, তাই আমাদের সাক্ষ্য নেওয়া হয়নি।’
জানতে চাইলে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, আইসিসিতে কখনোই গ্রহণযোগ্য নয় এমন ত্রুটিপূর্ণ আবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, যা ষড়যন্ত্রমূলক এবং চলমান বিচার ও অর্জনকে নস্যাৎ করার অপচেষ্টা। তিনি বলেন, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা তদন্ত সংস্থার কাছে না গিয়ে আইসিসিতে যাওয়ার বিষয়টি বোধগম্য নয়।