পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার আহ্বান ইমরানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদে পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে গতকাল সোমবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণ-অবস্থান কর্মসূচি থেকে ইমরান এই আহ্বান জানান। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে ফিরে আসেন।
পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তান তার দালালদের রক্ষা করার জন্য ওঠেপড়ে লেগেছে। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পর পাকিস্তানের বক্তব্য-বিবৃতি থেকে বোঝা যায়, এই যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজীবন পাকিস্তানের স্বার্থ রক্ষায় কাজ করে গেছে। তিনি সংসদের চলমান অধিবেশনে পাকিস্তানের বিবৃতির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানান।