পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাকে সাহসী সৈনিক আখ্যা দিয়ে পাকিস্তানের সংসদে যে ‘নিন্দা প্রস্তাব’ করা হয়েছে তা বাতিল করা না হলে আন্তর্জাতিকভাবে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে আওয়ামী লীগ।
আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে এক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমীক লীগ এ সমাবেশের আয়োজন করে।
পাকিস্তানকে সতর্ক করে দিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনাদের যে সৈনিক (যুদ্ধাপরাধে অভিযুক্ত) এখনো বাংলাদেশে আছে, যদি তাদের বাঁচাতে চান বা তাদের জন্য মায়া লাগে, তবে তাদের পাকিস্তানে নিয়ে যান।’
হানিফ বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল বলে নিজেদের দাবি করলেও তারা যুদ্ধাপরাধীদের বাঁচতে ও পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। তাদের এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণে বোঝা যায় তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা দাবি করে হানিফ তাদেরও পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন।
যুদ্ধাপরাধীদের পক্ষে থাকার কারণে বিএনপির সব আন্দোলন ব্যর্থ হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে দাবি আদায় করা যাবে না। আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজতে হবে। যুদ্ধাপরাধীদের পক্ষে থাকার কারণে তাঁদের সব আন্দোলন ব্যর্থ হয়েছে।’ 

সমাবেশ শেষে অবরোধবিরোধী একটি মিছিল বের করে শ্রমিক লীগ। এতে যুবলীগের নেতা-কর্মীরাও অংশ নেন।