পাকিস্তানের ব্যাংক কর্মকর্তাকে বিমানবন্দরে আটকে দিল পুলিশ
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাংলাদেশে ঢোকার অনুমতি দেয়নি ইমিগ্রেশন পুলিশ। গতকাল রোববার ওই কর্মকর্তা একটি বিমানে চড়ে পাকিস্তানের ইসলামাবাদ থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাঁকে আটকে দেওয়া হয়।
ওই কর্মকর্তার নাম আসমা খালিদ। তিনি স্টেট ব্যাংক অব পাকিস্তানের জ্যেষ্ঠ যুগ্ম পরিচালক (সিনিয়র জয়েন্ট ডিরেক্টর)।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ইমিগ্রেশন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি সেমিনারে যোগ দিতে কাতার এয়ারলাইনসের একটি বিমানে আসমা খালিদ শাহজালাল বিমানবন্দরে নামেন। কিন্তু তাঁর কোনো ভিসা ছিল না। আর পাকিস্তানের নাগরিকদের জন্য বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা দেওয়ারও বিধান নেই। এ কারণে তাঁকে আটকে দেওয়া হয়। পরে যে বিমানে করে তিনি এসেছেন, সেই বিমানের কর্তৃপক্ষের কাছে তাঁকে বুঝিয়ে দেওয়া হয়। ওই বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আজ সোমবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন।