পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়নকারী গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের সমালোচনা করায় পাকিস্তানের কাছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়। 
ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দেওয়া একটি কূটনৈতিক পত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানকে ‘নাক গলাতে’ বারণ করার পাশাপাশি দেশটির একটি স্বার্থান্বেষী মহলকে নিজেদের ঘর সামলানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, গতকাল দুপুরে অতিরিক্ত পররাষ্ট্রসচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. মিজানুর রহমান তাঁর দপ্তরে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ হুসাইন দায়ুকে তলব করেন। মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ১ নভেম্বর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের দেওয়া বক্তব্যের কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।
বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের এ মনোভাব নতুন নয়। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির রায়ের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য করেন। গত ১৬ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদে ও গত ১১ ডিসেম্বর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। ওই ঘটনার জের ধরে গত বছরের ১৭ ডিসেম্বরও একবার পাকিস্তানের তৎকালীন হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদী হাশমি কুরেশিকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছিল।
সর্বশেষ চৌধুরী নিসার আলীর দেওয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও অসংগতিপূর্ণ আখ্যায়িত করে গতকাল অতিরিক্ত পররাষ্ট্রসচিব তাঁর দপ্তরে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। একমাত্র ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের বিচারের ফলে জাতির মননে সৃষ্ট ক্ষত ও মানসিক যন্ত্রণা অবসানের পাশাপাশি ওই বিষয়গুলোকে পেছনে ফেলে রাখা সম্ভব।
বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে জামায়াতে ইসলামী পাকিস্তানের দেওয়া বিবৃতিকে প্ররোচণামূলক উল্লেখ করে অতিরিক্ত পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত হানতে পারে—এ ধরনের অপতৎপরতা থেকে পাকিস্তান বিরত থাকবে বলে বাংলাদেশ আশা করে।