পাকিস্তানের লজ্জা থাকা উচিত: মতিয়া
নির্বাচনকালীন সরকারের কৃষি, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মতিয়া চৌধুরী পাকিস্তানের রাজনীতিকদের উদ্দেশে বলেছেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আপনাদের নিয়াজি ও টিক্কা খানেরা সোহরাওয়ার্দী উদ্যানে সারেন্ডার (আত্মসমর্পণ) করেছিলেন। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলান, লজ্জা থাকা উচিত।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীর পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন মতিয়া চৌধুরী। এ সময় মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাবের কঠোর সমালোচনা করেন তিনি।
মতিয়া চৌধুরী পাকিস্তানের আইনপ্রণেতাদের উদ্দেশে আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো ঠুনকো জিনিস নয়। আপনারা কোন অধিকারে আপনাদের সংসদে প্রস্তাব আনলেন? আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেউ যদি কথা বলে, তাদের বিরুদ্ধে কঠিন ঐক্য গড়ে তোলা হবে।’ এ সময় ‘নালিতাবাড়ীর মাটি নৌকার ঘাঁটি’ বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, কোনো নির্যাতন, নিপীড়ন, ষড়যন্ত্র আওয়ামী লীগকে স্পর্শ করতে পারবে না। কেউ নৌকাকে রুখতেও পারবে না। এ সময় ৫ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁদের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে ওই সমাবেশে আরও বক্তব্য দেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রাব্বানী, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।