পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ভারত বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)। গতকাল বুধবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। ২৫ আগস্ট ওই বৈঠক হওয়ার কথা ছিল।
বিবৃতিতে বলা হয়, টেকসই সংলাপই ভারত-পাকিস্তানের মধ্যকার বিতর্কিত ইস্যুগুলোর সমাধান ও ভুল-বোঝাবুঝির অবসান করতে পারে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও সহযোগিতা বৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতা বাড়াতে এই দু্ই দেশের এগিয়ে আসা খুবই জরুরি।
এসএএইচআরের চেয়ারপারসন হিনা জিলানি ও সংস্থার কো-চেয়ারপারসন নিমালকা ফার্নান্দো স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো দ্বন্দ্ব, দীর্ঘস্থায়ী বিরোধ, সাম্প্রদায়িক দাঙ্গা ও সন্ত্রাসের স্থান হয়ে পড়েছে। দুই দেশ তাদের মধ্যে দীর্ঘদিনের বিরাজমান দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হওয়ায় এ অঞ্চলে বৈরিতা বেড়ে গেছে। এর ফলে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র সংকুচিত হয়ে পড়েছে। আবার এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, বাণিজ্য ও বিনিয়োগে মানুষের অধিকার খর্ব হচ্ছে এবং পাশাপাশি ভাব প্রকাশের স্বাধীনতাও সংকুচিত হয়ে পড়েছে। দেশগুলোর মধ্যে ভিসা নিয়ে কড়াকড়ি এই অঞ্চলের মানুষের সহজভাবে চলাচলের স্বাধীনতাকে খর্ব করছে।
বিবৃতিতে পাকিস্তানের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা শুরু করার উদ্যোগ নিতে ভারতের সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।