পাকিস্তানের সঙ্গে এখনই সম্পর্ক ছিন্ন নয়: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আপাতত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাইছে না। তবে ভবিষ্যৎ বলে দেবে সম্পর্ক কোন দিকে যাবে। বাংলাদেশ আশা করে পাকিস্তান দায়িত্বশীল আচরণ করবে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন।
সরকারি দলের সাংসদ আবদুল মান্নান এ-সম্পর্কিত সম্পূরক প্রশ্নে জানতে চান, বাংলাদেশে পাকিস্তান দূতাবাসের এক কর্মীকে আটকের পরপরই পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের একজন নিখোঁজ হয়ে যান। পাকিস্তান দূতাবাসের কর্মীকে ছেড়ে দেওয়ার পর বাংলাদেশের নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। ইতিমধ্যে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে (ঢাকা বিশ্ববিদ্যালয়) পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তিনি জানতে চান, এ অবস্থায় পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা জরুরি কি না?
জবাবে মাহমুদ আলী বলেন, ‘কোনো দেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চললে সম্পর্ক ছিন্ন হয়ে যায় না। যুদ্ধের সময়ও সম্পর্ক বজায় রাখতে হয়। পাকিস্তান যা করেছে, সে জন্য তাদের হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। আপাতত আমরা সম্পর্ক ছিন্ন করতে চাইছি না। সময়কে বিবেচনায় নিতে হবে। জাতীয় স্বার্থ মাথায় রাখতে হবে। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক মূল্যায়ন করতে হয় ও পদক্ষেপ নিতে হয়। পাকিস্তানের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে।’
ওয়ারেসাত হোসেনের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে পাকিস্তানের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ও জোরালো কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। প্রতিটি ক্ষেত্রে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য। আমরা অন্য দেশের কাছ থেকেও একই ধরনের আচরণ প্রত্যাশা করি। কিন্তু পাকিস্তান বারবার আমাদের হতাশ করেছে। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও অযাচিত বিবৃতি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এটি কোনোভাবেই বরদাশত করা হবে না। পাকিস্তানকে এ কথা কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি, ভবিষ্যতে পাকিস্তানি কর্তৃপক্ষ দায়িত্বশীল আচরণ করবে।’
সরকারি দলের মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধারপরীধের বিচারকাজ শুরুর পর থেকেই পাকিস্তান এর বিরুদ্ধাচরণ করে আসছে। বিচার-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পাকিস্তান বিচারকে ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আসছে।
স্বতন্ত্র সাংসদ রহিম উল্লাহর প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, আফ্রিকা মহাদেশে কৃষিজমি ইজারা নিয়ে চাষাবাদ করে খাদ্যশস্য উৎপাদনের জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের নিটল-নিলয় গ্রুপ উগান্ডায় ১০ হাজার হেক্টর ও ভাটিবাংলা এগ্রিটেক তানজানিয়ায় ৩০ হাজার হেক্টর জমি নেওয়ার বিষয়ে সেই দেশের সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে যাচ্ছে। এসব জমি ইজারা নেওয়ার পর সেখানে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উৎপাদিত খাদ্যশস্য বাংলাদেশে বিক্রি করা যাবে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।