পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এ সময় পাকিস্তানের জাতীয় পতাকা, স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা ও ইমরান খানের ছবিতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানানো হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে বহিষ্কারের দাবি জানানো হয়। এ ছাড়া পাকিস্তানের পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়। এতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের সাংসদ হাসিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান গোলাম মওলা আজম, কৈজুরী ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল সকাল ১০টায় পাকিস্তানের জাতীয় পতাকা ও ইমরান খানের ছবিতে অগ্নিসংযোগ করা হয়। মুক্তিযোদ্ধা জনতার ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শ লোক অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, সিপিবির সভাপতি মাহবুবুর রহমান, মহিলা পরিষদের সভাপতি নন্দিতা চক্রবর্তী, পিপি আব্রাহাম লিংকন প্রমুখ।
সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদী বিক্ষুব্ধ দেশপ্রেমিক জনতা’র ব্যানারে বেলা ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন শিক্ষকনেতা রুহুল আলম, শামসুল হক প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে পাকিস্তানের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ লোকজন।
দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েক শ লোক অংশ নেন। মানববন্ধনে দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম, সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সফিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।