পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং সব যুদ্ধাপরাধীর বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
গতকাল শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় বাস্তবায়নে পাকিস্তানের সংসদে প্রস্তাব পাসের জন্য অবিলম্বে দেশটিকে ক্ষমা চাইতে হবে। তা না হলে বাংলাদেশ সরকারের উচিত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা।
সমাবেশে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর, ছাত্র ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, ছাত্রফ্রন্ট সভাপতি আল কাদেরী, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের দুই যুগ্ম আহ্বায়ক ইউসুফ সোহেল, রুবেল দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।