পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আবার স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের পঞ্চম বৈঠক আবার স্থগিত হয়েছে। কাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরীর মধ্যে বৈঠকটি হওয়ার কথা ছিল। পঞ্চম বৈঠকটি এ নিয়ে সপ্তমবার পেছাল।

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বৈঠক স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামাবাদের একটি কূটনৈতিক সূত্র বলেছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মোহাম্মদ ফয়সল গতকাল সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার নাজমুল হুদাকে ফোনে জানান, আইজাজ আহমেদ চৌধুরীর ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্রসচিবের ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে পররাষ্ট্রসচিব পর্যায়ের সর্বশেষ বৈঠক হয়।

আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। আর মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েনের শুরু, গত দেড় বছরে বিভিন্ন ঘটনায় তা বেড়েছে। প্রশ্নবিদ্ধ গতিবিধির কারণে ২০১৫ সালে পাকিস্তানের কূটনীতিক ফারিনা আরশাদ ও কর্মকর্তা মাযহার খানকে ঢাকা থেকে প্রত্যাহারের জের ধরে এ বছরের শুরুতে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ইসলামাবাদ থেকে প্রত্যাহার করতে বলে পাকিস্তান। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে নিন্দা প্রস্তাব, বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ, সুনির্দিষ্ট অভিযোগে পাকিস্তানের কূটনীতিক ও কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিতে বলার পর এর পাল্টা পদক্ষেপ নিয়ে সম্পর্ককে আরও খারাপ করে তুলেছে ইসলামাবাদ। এর ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিবৃতির জবাবে বিবৃতি আর কূটনীতিককে সমন করলে তার উত্তরে পাল্টা সমন হয়ে উঠেছে নিয়মিত ঘটনা।