পাকিস্তানের সঙ্গে শিক্ষা সম্পর্ক ছিন্ন করল ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে বিকেলে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিন্ন করা হলো। ইতিমধ্যে যেসব কর্মসূচি আছে যেমন, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক বিনিময়, সমঝোতা স্মারক, সাংস্কৃতিক বিনিময়, স্পোর্টস—কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না। পাকিস্তান সরকার ক্ষমা না চাওয়া পর্যন্ত সব ধরনের সম্পর্ক স্থগিত করা হলো। এমনকি নতুন কোনো সমঝোতা স্মারকও সই করা হবে না।
একাধিক সিন্ডিকেট সদস্য প্রথম আলোকে বলেন, পাকিস্তান যদি তাদের কৃতকর্মের জন্য নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে, তবে সিন্ডিকেট বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে। সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৫ জন পাকিস্তানির বিচার করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায়। আর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সিন্ডিকেট সভা থেকে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করায় এবং যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সদস্যপদ বাতিল করতে সার্ক ও জাতিসংঘের প্রতিও অনুরোধ জানানো হয়।