পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে অবিলম্বে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। আর প্রজন্ম ’৭১ দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল বুধবার বিকেলে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল-পূর্ব বিক্ষোভ সমাবেশে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থগিতের এই আহ্বান জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। পাকিস্তান ’৭১-এ গণহত্যার দায় অস্বীকার করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে মঞ্চ।
সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, ‘যদি পাকিস্তান তাদের ধৃষ্টতামূলক বক্তব্য প্রত্যাহার না করে আর সরকার পাকিস্তানের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে পাকিস্তানের বিবৃতির পরিপ্রেক্ষিতে দেশের জনগণ যেভাবে রাজপথে নেমে এসে পাকিস্তান দূতাবাস ঘেরাও করেছিল, তেমনি আবারও পাকিস্তান দূতাবাস ঘেরাও করা হবে।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘সরকারের কাছে আহ্বান থাকবে, যেন পাকিস্তানের প্রশ্নে এবং জঙ্গিবাদের প্রশ্নে কোনো আপস না করে। পাকিস্তান এবং জঙ্গিবাদের প্রশ্নে আপনাদের নমনীয়তা পরিহার করে এই জাতিকে নিরাপদে বাঁচার সুযোগ তৈরি করে দিন। একই সঙ্গে আহ্বান জানাচ্ছি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ত্যাগ, বন্ধ ও স্থগিতের দাবি এসেছে মানুষের মধ্য থেকে, সেই দাবি পূরণ করে আপনারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটির প্রতিফলন দেখান।’
ইমরান পাকিস্তান থেকে নিজেদের সম্পদ ফিরিয়ে আনার জন্যও সরকারের কাছে দাবি জানান। সমাবেশ শেষে শাহবাগ থেকে মশাল মিছিল বের করেন মঞ্চের কর্মী-সংগঠকেরা। মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।
প্রজন্ম ’৭১: প্রজন্ম ’৭১-এর সভাপতি শাহীন রেজা নূর ও সহসভাপতি আসিফ মুনীর গতকাল এক বিবৃতিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন। তাঁরা একাত্তরের হত্যাযজ্ঞের সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানি রাজনীতিক ও সেনা কর্মকর্তাদের চলমান বিচার-প্রক্রিয়ার আওতায় আনারও দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, যখন বাংলাদেশে মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের সুষ্ঠু বিচার-প্রক্রিয়ার আওতায় এনে বিচার কার্যকর করা হচ্ছে—যা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা, তখন আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ১৯৭১ সালে তাদের কৃত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ আড়াল করার ধৃষ্টতা দেখাচ্ছে।