পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান
পাকিস্তান যত দিন তাদের কৃত অপরাধের নিঃশর্ত ক্ষমা না চাইবে, তত দিন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সব কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমিতি।
গতকাল সোমবার এক বিবৃতিতে রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুর রহমান ও দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানকে বাংলাদেশের কূটনৈতিক বলয় থেকে মুছে ফেলার জন্য রাষ্ট্রবিজ্ঞান সমিতি বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানায়। পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে পাকিস্তানের কাছে মুক্তিযুদ্ধকালীন ক্ষতিপূরণ দাবি করারও আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান যে চুয়াত্তরের চুক্তিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চায়, সেই চুক্তি অনুসারে তারা যুদ্ধাপরাধের বিচার তো করেইনি বরং বাঙালি জাতি যখন এ বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ, তখন তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অপসাহস দেখাচ্ছে, যা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। বিজ্ঞপ্তি।