পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম। পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে নগরের চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
‘পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করো’, ‘পাকিস্তানি পণ্য বর্জন করো’, ‘পাকিস্তানি দূতাবাস বন্ধ করো’ লেখা ফেস্টুন নিয়ে নগরে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি চেরাগি পাহাড় মোড় থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দে, সমন্বয়ক শরীফ চৌহান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, রাশেদ হাসান, সুনীল ধর, আল কাদেরী জয়, সভাপতি শিমুল বৈষ্ণব প্রমুখ।
বাংলাদেশের যুদ্ধাপরাধীর বিচারে পাকিস্তানের নাক গলানোকে ধৃষ্টতাপূর্ণ আচরণ উল্লেখ করে বক্তারা বলেন, পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাকিস্তানে তলব করে আরও একবার ধৃষ্টতাপূর্ণ আচরণ দেখিয়েছে দেশটি।