পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে মানববন্ধন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন বলেছেন দেশ যখন এগিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তখনই নানামুখী ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি এজেন্ট এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছে। মানুষের আশা, সরকার ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করবে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং বিএনপির নেতা আসলাম চৌধুরীর শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি চট্টগ্রাম মহানগর নামে একটি সংগঠন।
যুদ্ধাপরাধী নিজামীর জন্য পাকিস্তান এবং মার্কিনিরা মায়াকান্না করছে এই মন্তব্য করে অধ্যাপক অনুপম সেন বলেন, পাকিস্তান ধৃষ্টতা দেখাচ্ছে। তাদের উচিত জবাব দেওয়া দরকার।
সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা বেদারুল আলম চৌধুরী, গণতন্ত্রী পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি স্বপন সেন, ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, দিদার আশরাফী প্রমুখ।