ঢাকায় অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ার পয়োনিষ্কাশন-বিষয়ক সম্মেলনে (সাকোসেন) যোগ দিতে ইসলামাবাদ থেকে কোনো প্রতিনিধি আসছেন না। এই সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী জাহিদ হামিদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। আগামী মাসে ঢাকায় প্রস্তাবিত পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক ঘিরেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সর্বশেষ পাকিস্তানের কূটনীতিক ও এক কর্মকর্তাকে ঢাকা থেকে প্রত্যাহারের জের ধরে বাংলাদেশের এক কূটনীতিককে ইসলামাবাদ থেকে প্রত্যাহার করতে বলার পর সম্পর্কে তিক্ততা বেড়ে যায়।
সাম্প্রতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো পরিকল্পনা না থাকলেও দেশটিকে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। আবার ইসলামাবাদ ও করাচির দুই মিশনে জনবল কমানোর কোনো চিন্তা নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তবে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, আনুষ্ঠানিকভাবে না হলেও এ মুহূর্তে ইসলামাবাদের হাইকমিশনে কূটনীতিকদের পাঠানোর ক্ষেত্রে কিছুটা ‘ধীরে চলো’ নীতিতে চলবে ঢাকা। এ মুহূর্তে ছয়জনের ওই হাইকমিশন থেকে কয়েক দিনের মধ্যে ঢাকায় ফিরছেন হাইকমিশনার সোহরাব হোসেন। গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে খালি আছে উপ–হাইকমিশনারের পদটি। ৬ জানুয়ারি মৌসুমী রহমানকে পর্তুগালে বদলির পর ওই মিশনটিতে এখন আর কূটনীতিক থাকছেন না। প্রতিরক্ষা, গণমাধ্যম ও কনস্যুলার—এই তিন বিভাগে কাজ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের তিন কর্মকর্তা। শ্রীলঙ্কা থেকে হাইকমিশনার তারিক আহসানকে পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও অন্য দুই কূটনীতিক নিয়োগের প্রক্রিয়া বিলম্বিত হবে।
সাকোসেন সম্মেলন: এর আয়োজক স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও ষষ্ঠ সাকোসেনের ফোকাল পয়েন্ট মো. খায়রুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঢাকায় অনুষ্ঠেয় সাকোসেনের ষষ্ঠ বৈঠকে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রী জাহিদ হামিদের নেতৃত্বে ৬০ সদস্যের প্রতিনিধিদলের আসার কথা ছিল। পাকিস্তানের একাধিক প্রাদেশিক মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে ওই দলটি গঠন করা হয়েছিল। শুরুতে সম্মেলনের জন্য পাকিস্তানের ৫০ সদস্যের কোটা থাকলেও দেশটির অনুরোধে আরও ১০ জন বাড়িয়ে দেওয়া হয়।
খায়রুল ইসলাম জানান, এরপর পাকিস্তান প্রতিনিধিদলের সংখ্যা ৬০ থেকে ২২ জনে নামিয়ে আনে। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে প্রতিনিধিদলের সদস্যসংখ্যা ১৩-তে নামিয়ে আনে তারা। এখন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম।
জানতে চাইলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের মুখপাত্র আমব্রিন জান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘কোনো কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে ৬০ জনের পাকিস্তানের প্রতিনিধিদলের সাকোসেনে যোগ দেওয়ার বিষয়টি আমার জানা নেই। গত শুক্রবার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হাইকমিশনার সুজা আলমকে সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বলেছে। তবে ১৩ সদস্যের প্রতিনিধিদলের আবেদন ও পাসপোর্ট প্রায় ১০ দিন আগে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা ভিসা না পাওয়ায় ইসলামাবাদ থেকে কেউ সম্মেলনে যোগ দিতে পারছেন না।’
স্থানীয় সরকার বিভাগের উপসচিব খায়রুল ইসলাম পাকিস্তানের কূটনীতিকের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিদল একাধিকবার পরিবর্তন করা হয়েছে। আমরা যথাসময়ে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠালেও তারা প্রতিনিধিদলের পরিবর্তন সম্পর্কে কিছু জানায়নি। সময়মতো ভিসার আবেদনও করেনি।’
পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক: আগামী মাসে ঢাকায় প্রস্তাবিত পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক ঘিরেও এখন অনিশ্চয়তা দেখছেন কর্মকর্তারা। বৈঠকের চূড়ান্ত দিনক্ষণ ঠিক না হলেও ফেব্রুয়ারিতে দুই দেশ আলোচনায় বসতে চেয়েছিল। গত দুই মাসের ঘটনাপ্রবাহের পর বাংলাদেশও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এ মুহূর্তে আয়োজনে আগ্রহী নয়। কারণ, আলোচনায় বসলে একাত্তরের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি সম্পদের বণ্টনের মতো অমীমাংসিত বিষয় বাংলাদেশ আলোচনায় তুলবে। তেমনি সম্প্রতি দেশটির বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগও আলোচনায় আসবে।
জানতে চাইলে সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেন, ‘সম্পর্কের টানাপোড়েনের জন্য অবশ্যই পাকিস্তান দায়ী। তারা আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাসকে যেভাবে বিকৃত করল, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে প্রশ্ন তুলে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করল, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘পাকিস্তানকেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব নিতে হবে। আশা করব, নওয়াজ শরিফের গণতান্ত্রিক সরকার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতাকে কাজে লাগিয়ে সম্পর্কের টানাপোড়েন দূর করার উদ্যোগ নেবেন।’