পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকবে, ঝগড়াঝাঁটিও চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের বিরূপ মন্তব্যের পরও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে। তিনি বলেছেন, দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়াঝাঁটিও চলবে। মুক্তিযুদ্ধে পাকিস্তান পরাজিত শক্তি। তাদের পছন্দের লোকদের বিচার হচ্ছে। তাই তারা তো কাঁদবেই।

গতকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান, কানাডা সফর, দুটি পুরস্কার গ্রহণ, ছেলে সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া, বিভিন্ন সেমিনারে বক্তব্য দেওয়াসহ ১৭ দিনের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি এ সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন।

লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ছিল মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের নানা মন্তব্যের পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে কি না? জবাবে শেখ হাসিনা বলেন, ‘দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকে। মতভিন্নতাও থাকতে পারে।’ তিনি বলেন, ‘বিচার চলছে। পাকিস্তান মন্তব্য করছে, আমরা এর জবাব দিচ্ছি। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়াঝাঁটিও চলবে।’ তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, দেশের ভেতরের একটি দল এ ধরনের লোকদের মন্ত্রী বানিয়েছে। দেশের ভেতরে বসে দালালি করেছে। আগে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

সার্ক থাকার দরকার আছে কি না এবং পাকিস্তানকে বাদ নিয়ে বিকল্প কিছু করার কোনো চিন্তা বাংলাদেশের আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে তাঁর এককভাবে বলার কিছু নেই, সেটা উচিতও হবে না। সার্কের চেয়ারপারসন এখন নেপাল। এ সিদ্ধান্ত সবাই মিলে নিতে হবে সার্কের কী হবে।

নির্বাচন কমিশন গঠনে বিএনপি ভূমিকা রাখতে চায়, আলোচনা চায়। বিএনপির এ আগ্রহের ব্যাপারে সরকারের অবস্থান কী হবে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কী ধরনের নির্বাচন কমিশন চায়? তারা কি এমন কমিশন চায়, যারা এক কোটির বেশি ভুয়া ভোটার তালিকায় আনবে? বর্তমান কমিশন তো এটা করেনি। তাদের (বিএনপি) পরামর্শ নিলে তো ভুয়া ভোটার তালিকা করে দেবে এমন কমিশন করতে হবে।

পাকিস্তান-ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ হলে আমাদের অগ্রগতিতেও বাধা সৃষ্টি হবে। আমরা চাই দুই দেশ নিজেরাই তাদের সমস্যার সমাধান করুক।’

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের আগামী কাউন্সিলে তাঁকে সভানেত্রীর পদ থেকে অবসর দিলে তিনি খুশি হবেন। তিনি বলেন, ‘৩৫ বছর ধরে দলের সভানেত্রীর দায়িত্ব পালন করছি। এখন অবসর দিলে খুশি হব।’ আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের কাউন্সিলে দলের নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সভাপতির পদে না থাকলে খুশি হব। তবে আমি থাকব। দল ছেড়ে তো যাচ্ছি না। নতুন নেতা নির্বাচিত হলে সব থেকে বেশি আনন্দিত হব।’

গতকাল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, এবার সফরে একটু বেশি সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন তিনি। ৩৫ বছরের মধ্যে এবারই ছুটি নিলেন তিনি। তবে এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো যুক্তরাষ্ট্রে বসেই করেছেন। সেখানে বসে তিনি ৫১টি ফাইলে স্বাক্ষর করেছেন। সেখানে প্রতিদিন ২ ঘণ্টা করে অফিস করেছেন। তিনি বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ। বিদেশে বসেও কাজ করা যায়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ মন্ত্রী, সাংসদ, আওয়ামী লীগের নেতা এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।