পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মূল্যায়ন হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি মূল্যায়ন করছে। কি করা দরকার সেটি নিয়েও ভাবছে। আজ রোববার বিকেলে রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘কালের কষ্টিপাথরে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনায় সাম্প্রতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখা না রাখা নিয়ে বিভিন্ন বক্তার আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন।
এ এইচ মাহমুদ আলী বলেন, ‘তাদের (পাকিস্তানের) সঙ্গে সম্পর্ক—আমরা অবশ্যই সেটা অ্যাসেসমেন্ট করছি, মূল্যায়ন করছি। কি করা দরকার, সেটিও ভাবছি। কিন্তু সম্পূর্ণ জিনিসটা একটি চলমান প্রক্রিয়া।’
পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ১৯৭১ সালের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন। তাঁর ভাষা অতটা শক্ত ছিল না, কিন্তু তিনি ক্ষমা চেয়েছিলেন। আসমা জাহাঙ্গীর, হামিদ মীরসহ পাকিস্তানের অনেক বিশিষ্ট নাগরিকও যুদ্ধাপরাধের বিষয়টি স্বীকার করেছেন। এখনতো এসব বলে লাভ নেই যে তারা কিছুই করেনি।
প্রসঙ্গত পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ১৯৭১ সালে তাঁর দেশের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। ২০০২ সালের ২৯ জুলাই ঢাকা সফরে এসে জেনারেল মোশাররফ বলেছিলেন, দুর্ভাগ্যজনক অধ্যায়ের যেসব বাড়াবাড়ি হয়েছিল তা নিন্দনীয়। আসুন বন্ধুত্বের চেতনায় একাত্তরের ঘটনাবলি ভুলে যাই।
এদিকে মানবতাবিরোধী অপরাধের বিচারে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২২ নভেম্বর বিবৃতি দিয়ে হতাশা প্রকাশ করে। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। মানবতাবিরোধী বিচারের রায় কার্যকরের পর পাকিস্তান সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের এ তৎপরতার প্রতিবাদে ২৩ নভেম্বর ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে প্রতিবাদপত্র পাঠায় বাংলাদেশ। এর জের ধরে ৩০ নভেম্বর ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় পাকিস্তান। এতে একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করে পাকিস্তান।
পাকিস্তানের এই অবস্থানের পর থেকেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছে।