পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ ঢাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ খানেক ধরে ইসলামাবাদ ও করাচিতে বাংলাদেশি কূটনীতিকদের পাকিস্তানি গোয়েন্দারা নানাভাবে হয়রানি করছে বলে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে সোমবার এ প্রতিবাদ জানানো হয়। এরপর বাংলাদেশের কূটনীতিকদের ওপর পাকিস্তানের গোয়েন্দা নজরদারি কমেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র গতকাল বুধবার প্রথম আলোকে নিশ্চিত করেছে।
এ ব্যাপারে গতকাল টেলিফোনে জানতে চাইলে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন কিছু বলতে রাজি হননি। তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তবে করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ আগে থেকে করাচিতে উপহাইকমিশনে নিযুক্ত কূটনীতিক ও কর্মকর্তারা যেখানেই গেছেন, সেখানেই তাঁদের অনুসরণ করেছেন গোয়েন্দারা। গত মঙ্গলবার থেকে এ পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে। গোয়েন্দাদের তৎপরতা অনেকটা কমেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাকিস্তানে বাংলাদেশের কূটনীতিকদের ওপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে হয়রানির প্রতিবাদে গত সোমবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান পাকিস্তানের হাইকমিশনারকে বলেন, বাংলাদেশের কূটনীতিকদের বিরুদ্ধে পাকিস্তান যা করছে, সেটা ভিয়েনা সনদের সুস্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের এ আচরণ বাংলাদেশকে চরম ক্ষুব্ধ করেছে। অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করতে হবে। বাংলাদেশের এ অবস্থানের বিষয়টি ইসলামাবাদকে জানাতে বলা হয় হাইকমিশনারকে।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি পাকিস্তানের কূটনীতিক ও এক কর্মকর্তাকে ঢাকা থেকে প্রত্যাহারের জের ধরে বাংলাদেশের এক কূটনীতিককে ইসলামাবাদ থেকে প্রত্যাহার করতে বলার পর সম্পর্কে তিক্ততা বেড়ে যায়। তিক্ততার জের ধরে ঢাকায় শেষ হওয়া মন্ত্রী পর্যায়ের একটি আঞ্চলিক সম্মেলনে শেষ পর্যন্ত আসেননি পাকিস্তানের কোনো মন্ত্রী। সর্বশেষ পাকিস্তানে বাংলাদেশের কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর ওই দেশের গোয়েন্দা সংস্থার নজরদারি দুই দেশের তিক্ততা আরও বাড়িয়েছে।