কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদগাহ মাঠের সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষে বাবুল মিয়া (৩২) এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিঠামইনে আতাউর রহমান (৩০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। আরও ১৩ জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে তিন শতাধিক এবং ময়মনসিংহের গৌরীপুর ও নান্দাইলে ঈদের জামায়াত নিয়ে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। সোমবার, মঙ্গলবার, বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: পাকুন্দিয়া পৌর শহরের দরদরা মহল্লায় ঈদের নামাজ শেষে স্থানীয় মোমিন মিয়া ও জব্বার মিয়া পক্ষ মাঠের সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার মীমাংসায় গতকাল বৃহস্পতিবার সকালে দরদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিস বৈঠক চলাকালে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের বল্লমের আঘাতে জব্বার মিয়া পক্ষের বাবুল মিয়া ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় দুই পক্ষের তিনজন আহত হন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে মিঠামইনের ঘাগড়া বাজারে ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বুলবুল মিয়া ও শেরজাহান মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে শেরজাহান মিয়া পক্ষের আতাউর রহমান শরীরে বল্লমবিদ্ধ হয়ে মারা যান। আতাউর রহমান ঘাগড়া বাজারের মুদি দোকানদার। উভয় পক্ষের ১০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া: পূর্ববিরোধের জের ধরে নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের ইউপি সদস্য ফরিদ মিয়া ও সাবেক সদস্য করিম মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। তিন ঘণ্টা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ২৭টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দিন সকালে পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে জিতু মিয়া ও অলি মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হন।
সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামে ঈদের জামায়াতের ইমামতি করা নিয়ে হাজি গোষ্ঠী ও বলার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে হাজি গোষ্ঠীর লোকজন হামলা চালান। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বিজয়নগরে ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনের সমর্থকদের মধ্যে মঙ্গলবার ও বুধবার দুই দফা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আকতারসহ ৩০ জনকে আসামি করে মামলা করেছে।
রিকশা ভাড়াকে কেন্দ্র করে ঈদের দিন দুপুরে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): পূর্ববিরোধের জের ধরে অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে সোমবার ও মঙ্গলবার দুই দল গ্রামবাসীর কয়েক দফা সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা ও চার সদস্যসহ কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। এ সময় ২৫টি বসতবাড়ি ও চারটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে। পুলিশ দুটি কাঁদানে গ্যাসের শেল ও পাঁচটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সরাইল থানার পুলিশ বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ময়মনসিংহ: ঈদের দিন সকালে গৌরীপুর উপজেলার রুকুন্দীপুর গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে বিরোধের জের ধরে কাঁচা সড়কের দুই পাশে মাত্র ১০ গজ দূরত্বের মধ্যে দুটি ঈদগাহে নামাজ পড়া হয়। দুটি ঈদগাহে একই সময়ে মাইক ব্যবহারের কারণে পরস্পরের অসুবিধা হলে একে অপরকে মাইক বন্ধ করতে বললে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে পাঁচজন আহত হন।
নান্দাইল (ময়মনসিংহ): কোন ইমাম দিয়ে নামাজ পরিচালনা করা হবে—এ নিয়ে চানপুর হাফিজিয়া মাদ্রাসার মাঠে মঙ্গলবার সকালে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের শতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়।