পাকুন্দিয়া ও সিরাজগঞ্জে ৭০০ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গত এক মাসে ব্রহ্মপুত্র নদের ভাঙনে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। আর সিরাজগঞ্জ শহরে গত এক সপ্তাহে যমুনার ভাঙনে দেড় শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা বিলীন হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বাড়ায় তীব্র স্রোতের কারণে পাকুন্দিয়ার চরফরাদি ইউনিয়নের চরটেকি, চরআলগি, চরপাড়াতলা, মুনিয়ারাকান্দা, চর কাওনা, নয়াপাড়া, মির্জাপুর, চর কুশি গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। আশ্রয় হারিয়ে এখন অনেক মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে বা অন্যের বাড়িতে। এলাকাবাসী জানান, ভাঙন অব্যাহত থাকায় বর্তমানে হুমকির মুখে পড়েছে এসব এলাকার কয়েক হাজার বসতঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতি বছরই ভাঙনে নতুন নতুন এলাকা নদীতে বিলীন হলেও তা প্রতিরোধে এখন পর্যন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চরটেকি গ্রামের আবদুর রশিদ বলেন, ‘আমার বসতবাড়ি এবং শতাধিক ফলদ গাছ নদীভাঙনে বিলীন হয়েছে। গত এক মাসে এসব এলাকার ৫০০ ঘরবাড়ি বিলীন হয়েছে।’ চর কুশি গ্রামের গৃহবধূ আঙ্গুরা খাতুন বলেন, ‘নদী সব ভেঙে নেওয়ায় আমরা এখন খোলা আকাশের নিচে আছি।’ পানি উন্নয়ন বোর্ড, কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার জানান, ভাঙনের তীব্রতা অনেক। আমি সংশ্লিষ্টদের নিয়ে ভাঙন প্রতিরোধে প্রকল্প তৈরির কাজ করে যাচ্ছি। প্রকল্প অনুমোদন সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফুন্নাহার বলেন, ‘নদী ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ এদিকে গত এক সপ্তাহ ধরে যমুনা নদীতে পানি বাড়ায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টের অদূরে পুঠিয়াবাড়ী, চরমালসাপাড়া ও বিয়ারা—এ তিনটি গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ফলে এসব এলাকার দেড় শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি এবং প্রায় ২০০ গাছপালা নদীতে বিলীন হয়েছে। ভাঙনকবলিত এলাকার অনেকের অভিযোগ, তারা তাদের ঘরবাড়ি সরিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নিতে গেলে কর্তৃপক্ষের বাধায় তাও পারছেন না। পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, মোল্লাবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৫০০ মিটার এলাকা গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ এলাকায় ঘরবাড়ি নির্মাণ করলে বাঁধের ক্ষতি হবে। আর এতে সিরাজগঞ্জ শহর হুমকির মুখে পড়বে।