পাকুন্দিয়া সোনারগাঁ রাজশাহীতে আ.লীগ ছাত্রলীগে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজের শহীদ মিনারে ফুল দেওয়ার সময় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।ফেনীর দাগনভূঞা উপজেলায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের কাছে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।আমাদের ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরপাকুন্দিয়া (কিশোরগঞ্জ): গতকাল সকাল নয়টার দিকে উপজেলার আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা পাকুন্দিয়া ডিগ্রি কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করতে যান। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন দলের অন্য পক্ষের নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন ও তাঁর অনুসারীরা। এ সময় মাইকে নাম ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. এখলাছ উদ্দিন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মো. বেলাল হোসেন, পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমিন ও ছাত্রলীগের কর্মী ইব্রাহিম আহত হন। সোনারগাঁ (নারায়ণগঞ্জ): একুশের প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান ও তাঁর ছোট ভাই উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুমের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় মাইকে তাঁদের নাম ঘোষণা না করায় তাঁরা মাইকে ঘোষণাকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে কৈফিয়ত চান ও তাঁকে শাসাতে থাকেন। তখন স্থানীয় সাংসদ আবদুল্লাহ-আল-কায়সার ও তাঁর চাচা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের সমর্থকেরা মাহফুজুর রহমান ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।জানতে চাইলে সাংসদ আবদুল্লাহ-আল-কায়সার বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না।’দাগনভূঁঞা (ফেনী): পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা সদরের আতাতুর্ক উচ্চবিদ্যালয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।একপর্যায়ে শহীদ মিনার থেকে কয়েক শ গজ দূরে কিছু উচ্ছৃঙ্খল যুবক পরপর বেশ কয়েকটি ককটেল ফাটান। একটি যাত্রীবাহী বাসসহ বেশ কটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে ৩১ জনকে আটক করে। পুলিশ বাদী হয়ে বিএনপির ৩২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে মামলা করে।রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজের শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিতে যান ইন্টার্নি চিকিৎসক পরিষদের পক্ষ থেকে কমিটিহীন ছাত্রলীগের নেতা তানিকুর রহমানসহ তাঁর অনুসারীরা। তাঁদের বাধা দেয় ছাত্রলীগের আরেক পক্ষের নেতা আবিদ হাসান পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া। এতে অন্তত ১০ জন আহত হন। তানিকুর দাবি করেন, আবিদ ও তাঁর পক্ষের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। তবে হামলার কথা অস্বীকার করেন আবিদ।