পাকুন্দিয়ায় আ.লীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা চকদিয়া এলাকা থেকে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের (৫২) লাশ গতকাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।পুলিশ ও সাহাব উদ্দিনের পরিবার সূত্রের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের পূর্ব কুমারপুর গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন সাহাব উদ্দিন। গভীর রাতে ঘুম ভেঙে গেলে তিনি ঘর থেকে বেরিয়ে বাইরে আসেন। তারপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা চকদিয়া এলাকায় সিংগুদ নদীর দক্ষিণ পাশে অবস্থিত কবরস্থানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।নিহতের পরিবারের লোকজন জানান, ওই রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখে বলে তাঁরা ধারণা করছেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী জহুরা খাতুন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেছেন। পাকুন্দিয়া থানার ওসি মো. আমজাদ হোসেন বলেন, লাশের বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া শরীরেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এর আগে গত মঙ্গলবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কালাতুল এলাকার একটি ডোবা থেকে ওই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাজহারুল হকের লাশ উদ্ধার করা হয়।