পাকুন্দিয়ায় আ.লীগের দুপক্ষের একই স্থানে সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ গতকাল সোমবার বিকেলে একই স্থানে একই সময়ে সভা ডাকে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে পৌর এলাকায় গতকাল বেলা দেড়টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
গতকাল বিকেলে পৌর সদর ঈদগাহ মাঠে পাল্টাপাল্টি ওই সভা হওয়ার কথা ছিল। তবে কোনো পক্ষই আর সভা করতে পারেনি।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পৌর সদর ঈদগাহ মাঠে কর্মিসভার ডাক দেন। দুই দিন ধরে এর পক্ষে মাইকযোগে প্রচার চালানো হয়। কর্মিসভা করার জন্য মঞ্চও তৈরি করা হয়।
এদিকে গত রোববার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে একই স্থানে একই সময়ে পাল্টা কর্মসূচির ডাক দেন উপজেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক প্রায় দুই বছর আগে পদত্যাগ করেন। তা ছাড়া চারজন যুগ্ম আহ্বায়কের মধ্যে দুজন মারা যান। পরে দুজন যুগ্ম আহ্বায়ককে যৌথভাবে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলা কমিটি আহ্বান জানায়। কিন্তু রফিকুল ইসলাম এককভাবে কর্মিসভা ডাকেন। এতে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। এই পরিপ্রেক্ষিতে তিনি পাল্টা সভা ডাকতে বাধ্য হন।
পরে পাল্টা সভার পক্ষে শহরে মাইকযোগে প্রচার চালানো হয়। এর জেরে রোববার সন্ধ্যার পর রফিকুলের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
জানতে চাইলে রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি দলীয় গঠনতন্ত্র মোতাবেকই কর্মিসভা আহ্বান করেন। এই সভায় জেলা আওয়ামী লীগের সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়। তিনি আরও বলেন, যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেনের সঙ্গে আলোচনা করেই তিনি ওই সভা আহ্বান করেন। কিন্তু পরে স্থানীয় সাংসদের ইশারায় মোতায়েম বেঁকে বসেন।
নাম প্রকাশ না করার শর্তে দলীয় কয়েকজন নেতা-কর্মী বলেন, দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন স্থানীয় সাংসদ মো. সোহরাব উদ্দিন। অন্য পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান বলেন, ‘রফিকুল ইসলামের কর্মিসভায় আমাকে দাওয়াত করা হয়েছিল। কিন্তু উপজেলার আরেক যুগ্ম আহ্বায়ক একই জায়গায় পাল্টা কর্মসূচি ডাকায় তা ভন্ডুল হয়ে যায়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবির উদ্দিন বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গতকাল সকালে দুই পক্ষকে ডেকে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দুই পক্ষই তাদের অবস্থানে অনড় থাকে। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাংসদ মো. সোহরাব উদ্দিন বলেন, ‘কর্মিসভা ভন্ডুলে আমার কোনো হাত নেই। কর্মিসভা নিয়ে দুই পক্ষের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা দুঃখজনক।’