পাকুন্দিয়ায় কৃষিজমির মাটি ইটভাটায়
আইন লঙ্ঘন করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফসলি জমিতে নয়টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। ফসলি জমির উপরিভাগের মাটি কেটে তা দিয়ে ইট তৈরি করা হচ্ছে। এতে আবাদি জমি নষ্ট হচ্ছে। ইটভাটার ধোঁয়ায় কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের অধীন। ওই কার্যালয়ের সহকারী পরিচালক সেলিনা আক্তার বলেন, ফসলি জমিতে ইটভাটা স্থাপন করলে আগুনের তাপে আশপাশের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। এসব বিষয় বিবেচনা করেই পরিবেশ অধিদপ্তর ইটভাটার ছাড়পত্র দেয়। এরপরেও কেউ যদি আইন অমান্য করে, তাহলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাকুন্দিয়া কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল বলেন, আইন না মেনে কেউ ইটভাটা করে থাকলে এবং ফসলি জমির মাটির উপরিভাগ দিয়ে ইট তৈরি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবশ্যই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পুলেরঘাটে সোনালী ব্রিক ফিল্ড, পাটুয়াভাঙ্গায় এইউবি, হোসেন্দী পূর্বপাড়ায় মেসার্স নিশাদ, আতকাপাড়ায় মেসার্স নিউ ব্রিকস, সনমানিয়াতে মেসার্স খান ব্রিকস, ছোট আজলদীতে মেসার্স নোভা ব্রিকস, এগারসিন্দুরের খামায় একতা ব্রিকস ম্যানুফ্যাকচার, মজিদপুরে এম আর ব্রিকস ও সৈয়দগাঁও বাগানবাড়িতে এইচএমবি ব্রিকস নামে নয়টি ইটভাটা কৃষিজমিতে গড়ে তোলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতিপত্র ও পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৮ (১)(ঘ) অনুযায়ী, কৃষিজমি ইটভাটা স্থাপনের জন্য নিষিদ্ধ এলাকা এবং নিষিদ্ধ এলাকা থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা তৈরি করতে হবে। এ ছাড়া এই আইনের ৫-এর ১ ধারায় কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কাটা নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় কয়েকটি ইটভাটার মালিক জানান, এখানকার প্রতিটি ইটভাটায় গড়ে ২৫ থেকে ৩০ লাখ ইট তৈরি করতে প্রায় ছয় কোটি ঘনফুট মাটি ও বালু ব্যবহার করা হয়। এসব মাটির সিংহভাগই ফসলি জমির উপরিভাগ থেকে কেটে নেওয়া হয়। ফসলি জমিতে ইটভাটা তৈরি বন্ধ করে ভাটার মালিকদের আইনের আওতায় না আনলে ভবিষ্যতে উপজেলার কোনো জমিতে ফসল উৎপাদন তো দূরের কথা, এই অঞ্চল বিরান ভূমিতে পরিণত হবে।
উপজেলার আতকাপাড়া গ্রামের কৃষক শামিম মিয়া ও মুর্শিদ মিয়া জানান, মাটি কেটে নেওয়ায় এবং ইটভাটার ধোঁয়ায় উপজেলার প্রায় ৩০০ বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ লিয়াকত হোসেন খান বলেন, ভাটা তৈরির ফলে ফসলি জমি কমে যাচ্ছে। আবার উপজেলার ৭০-৭৫ বিঘা জমির উপরিভাগ থেকে ইট তৈরির জন্য মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় বেশ কয়েক বছর জমিতে ফসল উৎপাদিত হয় না। এ ছাড়া ভাটা থেকে অধিক কার্বন নিঃসরণের ফলে আশপাশের ফলদ গাছে ফলন কম হচ্ছে। ফসলি জমিতে কীভাবে ইটভাটা গড়ে তোলা হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তবে একতা ব্রিকস ম্যানুফ্যাকচারের মালিক আতিকুল ইসলাম ফসলি জমির মাটি কেটে নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা কৃষকদের কাছ থেকে উঁচু (টেক) জায়গা থেকে মাটি ক্রয় করে ইট তৈরি করি।’
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. খাইরুজ্জামান বলেন, পুকুরের মাটি দিয়ে ইট তৈরি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, আইন না মেনে কেউ ইটভাটা করে থাকলে অবশ্যই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।