পাকুন্দিয়ায় ছাত্রলীগের নেতার চাঁদা দাবি, এরপর সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস কাউন্টারে চাঁদা দাবির ঘটনায় প্রথমে পরিবহন-শ্রমিকদের সঙ্গে একটি গ্রামের বাসিন্দাদের এবং পরে এ ঘটনায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (৩০) অনন্যা পরিবহনের বাস কাউন্টারে গিয়ে চাঁদা দাবি করেন। কাউন্টারের সুপারভাইজার আতাউর রহমান চাঁদা দিতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আমজাদ সুপারভাইজারকে গালাগাল করলে কাউন্টারের লোকজন তাঁকে (আমজাদ) মারধর করে। এরপর সন্ধ্যায় আমজাদের গ্রাম বীরপাকুন্দিয়ার লোকজন লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া করলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের একপর্যায়ে পারভেজ নামের এক ব্যবসায়ী আহত হন। পরে পাকুন্দিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গতকাল বুধবার সকালে আমজাদের আত্মীয় ভাই ভাই ব্রিকফিল্ডের মালিক মমতাজ উদ্দিন (৪০) বাড়ি থেকে পাকুন্দিয়া সদরে আসার পথে ডাকবাংলোর সামনে চরপাকুন্দিয়ায় পরিবহন-শ্রমিকদের হাতে লাঞ্ছিত হন। এতে সংঘর্ষ আবার ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের কয়েক শ গ্রামবাসী এ সংঘর্ষে লিপ্ত হয়। দেড় ঘণ্টা ধরে জামতলা-কড়ইতলা এলাকাজুড়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। চরপাকুন্দিয়া গ্রামের বাচ্চু মিয়া (৩০) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইটের আঘাতে আহত হন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক। পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্কর জানান, ছাত্রলীগের নেতা আমজাদ চাঁদা দাবি করায় ঘটনার সূত্রপাত হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে আমজাদ বলেন, ছাত্র হিসেবে অর্ধেক ভাড়ায় তিনি ঢাকায় যেতে চেয়েছিলেন। কিন্তু শ্রমিকেরা দুর্ব্যবহার করায় ঘটনার সূত্রপাত হয়।পাকুন্দিয়া থানার ওসি আমিনুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা সদর ও আশপাশের থানা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।