পাকুন্দিয়ায় বিএনপির নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চরফরাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিনকে (৪২) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মো. কামাল উদ্দিন গ্রামের বাড়ি চরফরাদি থেকে পাকুন্দিয়া সদরে ভাড়া করা বাড়িতে আসছিলেন। সদরের টিঅ্যান্ডটি এলাকায় সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁর আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ারুল রউফ জানান, আঘাত ও জখমে শরীরের নানা স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। হাঁটু ভেঙে গেছে। কামাল উদ্দিনের পরিবারের কয়েকজন সদস্য ও পাকুন্দিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এ এম মিনহাজ উদ্দিন জানান, সন্ত্রাসীরা কামালের প্রতিপক্ষ দলের চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের দুজনকে কামাল চিনতে পেরেছেন। এদের নাম মামলার স্বার্থে বলা যাচ্ছে না। রাতের মধ্যে থানায় মামলা করা হবে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সদর উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক, পৌর বিএনপির সহসভাপতি আবদুস সাত্তার প্রমুখ। পরে সমাবেশ থেকে আজ রোববার পাকুন্দিয়া উপজেলা সদরে সকাল-সন্ধা হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, আহত কামাল দুজন সন্ত্রাসীকে চিনতে পেরেছেন। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। মামলা হলে পুলিশ রাতে অভিযানে নামবে। সন্ত্রসাীদের গ্রেপ্তার করা হবে।