পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র থেকে অবৈধভাবে বালু উত্তোলন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নে বছরের পর বছর ধরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীর ও তীরসংলগ্ন ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে।প্রশাসনকে কব্জায় রেখে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একাধিক মামলা রয়েছে।সরেজমিনে দেখা গেছে, ওই ইউনিয়নে বাহাদিয়া, মির্জাপুর ও মুনিয়ারিকান্দাঘাটে ব্রহ্মপুত্র নদের গভীরে বসানো হয়েছে সারি সারি মোটা পাইপ। প্রতিটি পাইপের মাথায় নৌকায় বসানো হয়েছে খননযন্ত্র। পাইপের মুখ বেয়ে পানি ও বালু এসে পড়ছে নদীর চরে। পরে সেখান থেকে ট্রলি দিয়ে বালু সরিয়ে নেওয়া হচ্ছে এবং পানি নদে গিয়ে পড়ছে।এলাকাবাসী জানান, কয়েক বছর ধরে নদের ওই স্থানগুলো থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুর রাজ্জাক বলেন, খননযন্ত্র দিয়ে বালু তোলায় গত তিন বছরে শতাধিক একর ফসলি জমিসহ ৬০টি বসতঘর নদীতে বিলিন হয়ে গেছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ না করলে নদীর পাড়সংলগ্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহসহ বিপুল পরিমাণ ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করছেন। তাঁদের মধ্যে রয়েছেন চরফরাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিনের ছেলে শামীম, ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. জালাল উদ্দিনের ছেলে সোহেল, আওয়ামী লীগের কর্মী শামছুল ইসলাম, মাসুদ, হিরণ, ইকবাল, আলম ও জহিরুল ইসলাম। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ২০১১ সালে পাকুন্দিয়া থানায় একাধিক মামলা করা হয়। সবকটি মামলার বাদী চরফরাদী ইউনিয়ন ভূমি কার্যালয়ের তৎকালীন নায়েব হাবিবুর রহমান।ওই কার্যালয়ের বর্তমান নায়েব আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, সম্প্রতি বালু উত্তোলনে বাধা দেওয়ায় তাঁকেও হত্যার হুমকির দেওয়া হয়েছে। থানা-পুলিশকে ম্যানেজ করে বছরের পর বছর ধরে তাঁরা বালু উত্তোলন করে আসছেন।হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে ইকবাল হোসেন বলেন, বর্তমানে তিনি বালু ব্যবসার সঙ্গে জড়িত নন। একই গ্রামের শামীম বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ডিল করি না।’ অন্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান বলেন, এরই মধ্যে একাধিকবার ঘটনাস্থলে গিয়ে বালুভর্তি গাড়ি আটক করা হয়েছে। তার পরও বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করা হচ্ছে—এমন অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে বালু উত্তোলন বন্ধে রাজনৈতিক চাপ থাকার ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামঞ্চাদ হোসেন বলেন, এক মাস হয়েছে তিনি ওই থানায় যোগদান করেছেন। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। বিষয়টির এখতিয়ার সম্পূর্ণ ইউএনও সাহেবের।