পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. শহীদ উল্লাহ গত শুক্রবার রাতে কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় নিজ বাড়িতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর উপজেলার নারান্দী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম নারান্দীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান এ কে এম ফজুলল হক, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. জালাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ইলিয়াস উদ্দিন কাঞ্চন, নারান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম খোকনসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। কর্মজীবনে তিনি প্রথমে নারান্দী উচ্চবিদ্যালয় এবং পরে বাহরামখানপাড়া জেকে উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর জীবন যাপন করছিলেন।