পাকুন্দিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বন্দীগাই গ্রামে যৌতুকের দাবিতে রিমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রিমার স্বামীসহ পাঁচজনকে আসামি করে গত সোমবার পাকুন্দিয়া থানায় নারী নির্যাতনবিরোধী আইনে মামলা করেছেন রিমার ভাই আবদুর রউফ।মামলার আসামিরা হলেন রিমার স্বামী সেলিম ওরফে ডালিম, ভাশুর জিয়াউদ্দিন জিয়, শ্বশুর মহর উদ্দিন, শাশুড়ি রোকেয়া বেগম ও ননদ ইয়াসমিন।মামলার এজাহারে বলা হয়েছে, রিমার স্বামী সেলিম ওরফে ডালিম বিদেশ যাওয়ার জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা আনার জন্য কিছুদিন ধরে চাপ দিচ্ছেন। ঘটনার দিন গত বুধবার রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর ডালিম তাঁর পরিবারের লোকজনকে নিয়ে প্রথমে রিমাকে মারধর করে। পরে তাঁরা রিমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে তাঁর দুই হাত ও বুকের নিচের অংশ পুড়ে যায়। কিন্তু তাঁকে হাসপাতালে না নিয়ে বাড়িতে আটকে রাখা হয়। খবর পেয়ে ওই দিন রাতেই রিমার ভাই আবদুর রউফ রিমাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।গৃহবধূ রিমার মা জমিলা খাতুন জানান, যৌতুকের জন্য রিমাকে তার স্বামী প্রায়ই নির্যাতন করত। ডালিমকে আগেও এক লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। তার পরও নির্যাতন বন্ধ হয়নি। তবে অভিযুক্ত ডালিম বলেন, ‘কথা কাটাকাটির একপর্যায়ে আমার স্ত্রী নিজেই নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়।’ কিন্তু তাঁকে হাসপাতালে নেওয়া হয়নি কেন জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।