পাকুন্দিয়ায় শিমখেতে কাণ্ড ও পাতাপচা রোগের আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শিমখেতে কাণ্ড ও পাতাপচা রোগ দেখা দিয়েছে। এ রোগে নষ্ট হয়ে গেছে উপজেলার বহু চাষির শিমখেত। তাই শিমচাষিদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। সরেজমিনে কয়েকজন শিমচাষির সঙ্গে আলাপ করে জানা যায়, বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহারের পরও শিমগাছের কাণ্ড ও পাতাপচা রোগ তাঁরা থামাতে পারছেন না। অনেকে ক্ষতির কথা ভেবে দিশেহারা হয়ে পড়ছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগও কিছু করতে পারছে না বলে তাঁরা জানান। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাকুন্দিয়া পৌর সদর, জাঙ্গালিয়া, চরফরাদি, এগারোসিন্দুর, বুরুদিয়া, হোসেন্দী, পাটুয়াভাঙ্গা, নারান্দী, চণ্ডীপাশা ও সুখিয়া ইউনিয়নের প্রায় ২২০ হেক্টর জমিতে এবার শিম চাষ করছেন কৃষকেরা। চরফরাদি গ্রামের সবুজ মিয়া ও রিটন মিয়া জানান, প্রথমে শিমগাছের পাতায় ফোঁটা ফোঁটা হলুদ রঙের দাগ দেখা দেয়। পরে দেখতে দেখতে পুরো খেতে ছড়িয়ে পড়ে। এতে তাঁদের ছয় কাঠা জমির সবটুকুই নষ্ট হয়ে গেছে। চরপাকুন্দিয়া গ্রামের মো. শাহাব উদ্দিন জানান, তিনি সাত-আট হাজার টাকা খরচ করে চার কাঠা জমিতে শিমের চাষ করেছেন। কাণ্ডপচা রোগ ধরা পরার পর তিনি পর্যায়ক্রমে কয়েক ধরনের ওষুধ ব্যবহার করেছেন। কিন্তু এতেও পচন রোধ করতে পারেননি। উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, শিমখেতে যে রোগ দেখা দিয়েছে এটি মূলত ছত্রাকজনিত রোগ। কখনো অতি গরম আবার কখনো অতি ঠান্ডা এই বৈরী আবহাওয়ার কারণে এই পচন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ও পরিচর্যার জন্য কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের সবজি চাষে কর্পিং পেটার্ন পরিবর্তন করতে হবে। নইলে ভবিষ্যতেও এ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।